Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

বিজয়ের পতন আসন্ন! নির্বাচনের জন্য প্রস্তুত থাকার বার্তা স্ট্যালিনের

যে কোনো সময় পতন হতে পারে বিজয়ের সরকারের। দলীয় বৈঠকে এমনই দাবি করে কর্মীদের প্রস্তুত থাকার বার্তা দিলেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিন

বিজয়ের পতন আসন্ন! নির্বাচনের জন্য প্রস্তুত থাকার বার্তা স্ট্যালিনের
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: যে কোনো সময় পতন হতে পারে বিজয়ের সরকারের। দলীয় বৈঠকে এমনই দাবি করে কর্মীদের প্রস্তুত থাকার বার্তা দিলেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিন। তাঁর আশ্বাস, ‘তামিলনাড়ুতে সূর্য (ডিএমকের দলীয় প্রতীক) কখনোই অস্ত যাবে না।’ আগামী লোকসভা নির্বাচনের সময় তামিলনাড়ুতে ফের বিধানসভা ভোট হবে বলেও দাবি করেছেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের একটি পোস্ট ঘিরে তুমুল বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী খুনের মূল চক্রী প্রভাকরণকে সম্মান জানিয়ে পোস্ট করেছেন থালাপতি। বিষয়টি নিয়ে কংগ্রেস তথা রাহুল গান্ধীকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে টিভিকে।

Advertisement

গত বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে ডিএমকের। ১০৭টি আসন পেয়ে বৃহত্তম দল হয় থালাপতি বিজয়ের টিভিকে। কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিসিকে, আইসিএমএলের বিধায়কদের সমর্থনে সরকার গড়ে টিভিকে। আস্থা ভোটে এআইএডিএমকের ২৫ বিধায়কের সমর্থনও পায় থালাপতির দল। সেই সমর্থনের কারণেই বিজয়ের সরকার পড়ে যেতে পারে বলে মনে করছেন স্ট্যালিন। তাঁর দাবি, জয়ললিতার দলের বিদ্রোহী বিধায়কদের বিধায়ক পদ খারিজ হলে কংগ্রেস সহ অন্যান্য দলগুলি টিভিকের উপর থেকে সমর্থন তুলে নেবে। জেলা নেতৃত্বের সঙ্গে একটি বৈঠকে স্ট্যালিন বলেন, ‘এই পরাজয় দীর্ঘস্থায়ী হবে না। বর্তমান সরকার যে কোনো সময় পড়ে যাবে। ২০২৯ সালের লোকসভা ভোটের সঙ্গে রাজ্যে ফের বিধানসভা ভোট হতে পারে। আমরা সেখানে কামব্যাক করব।’ 
এদিকে ১৮ মে ২০০৯ সালে মুল্লিভাইক্কাল এলাকায় শ্রীলঙ্কা সেনার অভিযানে মৃত্যু হয় এলটিটিই নেতা প্রভাকরণের। সোমবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী জোসেপ বিজয় লেখেন, ‘মুল্লিভাইক্কালের ঘটনার স্মৃতি আমরা হৃদয়ে বহন করছি। সমুদ্রপাড়ে তামিলজাতির অধিকার রক্ষার লড়াইয়ে আমরা সবসময় সংহতি প্রকাশ করব।’ থালাপতির এই পোস্টের পরেই তার জোটসঙ্গী কংগ্রেসকে বিঁধে পোস্ট করেছে বিজেপি। রাহুল গান্ধীকে কটাক্ষ করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের পোস্ট, ‘এই পোস্টে রাহুল গান্ধীর কোনো সমস্যা নেই। অন্তত যতক্ষণ কংগ্রেস ক্ষমতার অংশীদার রয়েছে। ডিএমকেও এলটিটিই-র সমর্থক ছিল। তাঁদের সঙ্গেও জোটে সমস্যা ছিল না কংগ্রেসের।’ যদিও টিভিকের দাবি প্রভাকরণ নয়, মুল্লিভাইক্কালে গণহত্যার শিকার হওয়া তামিল মানুষদের সম্মানে পোস্ট করেছেন বিজয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ