Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬

ভিবি-জি রাম জি: বরাদ্দ টাকায় ১২৫ দিন কাজ দেওয়া সম্ভব নয়, কেন্দ্রের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

মনরেগা বন্ধ করে আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে ভিবি-জি রাম জি প্রকল্প। এই যোজনার মাধ্যমে জবকার্ড হোল্ডারদের ১২৫ দিন কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মোদি সরকার।

ভিবি-জি রাম জি: বরাদ্দ টাকায় ১২৫ দিন কাজ দেওয়া সম্ভব নয়, কেন্দ্রের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মনরেগা বন্ধ করে আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে ভিবি-জি রাম জি প্রকল্প। এই যোজনার মাধ্যমে জবকার্ড হোল্ডারদের ১২৫ দিন কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মোদি সরকার। কিন্তু, সেই পরিমাণ কর্মদিবস সুনিশ্চিত করতে পর্যাপ্ত অর্থ কেন্দ্র এখনও বরাদ্দ করে উঠতে পারেনি বলে এবার উঠল অভিযোগ। 

Advertisement

কয়েক সপ্তাহ আগেই প্রাথমিকভাবে এই প্রকল্পে ৯৫ হাজার ৬৯২ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। মনরেগা সংঘর্ষ মোর্চার সদস্য নিখিল দে’র দাবি, সরকারের প্রাথমিক বরাদ্দের তথ্য আমরা বিশ্লেষণ করেছি। তাতে দেখা যাচ্ছে, বরাদ্দ অর্থে প্রত্যেক জবকার্ড হোল্ডারকে ১২৫ দিন করে কাজ দেওয়া সম্ভব নয়। একাধিক রাজ্যের বরাদ্দের পরিমাণ চাহিদার এক পঞ্চমাংশ। অর্থাৎ জবকার্ড হোল্ডারদের মজুরি বাবদ ১০০ টাকার প্রয়োজন থাকলে বরাদ্দ হয়েছে মাত্র ২০ টাকা।
নিখিলবাবুর দেওয়া তথ্য অনুযায়ী, মোদি সরকারের যে টাকা বরাদ্দ করেছে, তাতে অন্ধ্রে প্রত্যেক জবকার্ড হোল্ডারকে ৭১দিন কাজ দেওয়া সম্ভব হবে। ছত্তিশগড় ও বিহারের কাজ মিলবে যথাক্রমে ৬৫ ও ৫২ দিন। গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রে খবর, সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে উত্তরপ্রদেশকে (৯ হাজার ৭২১ কোটি ৪৮ লক্ষ টাকা)। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ (৮ হাজার ৫০৮ কোটি টাকা।) তথ্যাভিজ্ঞ মহলের মতে, এই প্রকল্পে কেন্দ্র ও রাজ্যে ৬০ ও ৪০ শতাংশ হারে অর্থ দেওয়ার কথা। এবার মোদি সরকার যদি প্রয়োজনের থেকে কম টাকা দেয়, তাহলে কর্মদিবস অনুযায়ী কাজ দিতে রাজ্যগুলিকে বাড়তি দায়িত্ব নিতে হবে। তারা এগিয়ে না এলে লক্ষ লক্ষ দেশবাসী সমস্যায় পড়বেন। যদিও কেন্দ্রের যুক্তি, প্রাথমিকভাবে বরাদ্দ করা হয়েছে। পরে প্রয়োজন মতো অতিরিক্ত টাকা দেওয়া হবে। ফলে চিন্তার কোনো কারণ নেই।  

Advertisement
সম্পর্কিত সংবাদ