বারাণসী: অস্ত্র পরীক্ষা চলাকালীন আচমকাই চলল গুলি। তার জেরে জখম হলেন দুই এএআইসিএলএএস স্ক্রিনার। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ প্রধানমন্ত্রীর সংসদীয় কেন্দ্র বারাণসী বিমানবন্দরে ঘটনাটি ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স-১৮১০ বিমানের যাত্রী কমলেশ রাই ঘোষণা করেন তাঁর কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। নিয়মমাফিক সেই অস্ত্রটির পরীক্ষা চলাকালীন অসাবধানতাবশত একটি গুলি বেরিয়ে যায়। তাতেই জখম হন দুই এএআইসিএলএএস স্ক্রিনার। জানা গিয়েছে, তাঁদের মধ্যে এক মহিলা স্ক্রিনারের পায়ে এবং এক পুরুষ স্ক্রিনারের বুড়ো আঙুলে গুলি লাগে। দু’জনকেই দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশকেও। কী ভাবে অস্ত্র থেকে গুলি বেরিয়ে গেল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত যাত্রীর কাছে থাকা আগ্নেয়াস্ত্রটি লাইসেন্সপ্রাপ্ত।



