Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সমবেত কণ্ঠে হবে বন্দে মাতরম

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে বন্দে মাতরম গাওয়া হবে। কেন্দ্রের নতুন উদ্যোগে তিরঙ্গা কর্মসূচির বিশদ জানতে পড়ুন।

জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে  সমবেত কণ্ঠে হবে বন্দে মাতরম
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এবছর ৯-১৭ আগস্ট ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালনের নির্দেশ দিল কেন্দ্র। এই মর্মে সাংস্কৃতিক মন্ত্রকের সচিব বিবেক আগরওয়াল ১৪ জুলাই চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে। আগে এরাজ্যে এই কর্মসূচি পালনের জন্য বিশেষ প্রচার করা হত না বলে অভিযোগ। নতুন সরকার ব্যাপক প্রচার চালিয়ে এই কর্মসূচি পঞ্চায়েত স্তর পর্যন্ত ব্যাপকভাবে পালন করতে চলেছে। এবছর জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপনের সঙ্গে এই কর্মসূচিকে যুক্ত করা হয়েছে। কেন্দ্রের নির্দেশিকা বলছে, স্বাধীনতা দিবসের সমস্ত সরকারি অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ গাওয়া হবে। সেটি নিশ্চিত করবে রাজ্য। একইসঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে ‘সেলফি উইথ তিরঙ্গা’ আপলোডের উদ্যোগও নেওয়া হবে। ওই ছবির সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকবে ‘বন্দে মাতরম’। 

Advertisement

সূত্রের খবর, এই নয়দিন ধরে সর্বত্র চলবে তিরঙ্গা র‍্যালি ও কনসার্ট। জেলায় এবং গ্রামাঞ্চলে হবে সাইকেল ও বাইক র‍্যালি। গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় হবে তিরঙ্গা প্রদর্শনী। সরকারি ভবন, সেতু, রাস্তা, হাসপাতাল, স্কুল, রেলস্টেশন ও বিমানবন্দরে তিরঙ্গা-থিমের আলোকসজ্জা শোভা পাবে। জনবহুল স্থানে তিরঙ্গা-ভিত্তিক রঙ্গোলি এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী ও ‘বন্দে মাতরম’-এর উপর ভিত্তি করে দেওয়ালচিত্রের উদ্যোগ নেওয়া হবে। আবার হর ঘর তিরঙ্গা পোর্টালে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও নিশ্চিত করবে রাজ্য।
২০১১ সালে সরকারের রাজ্য স্তরের ১৫ আগস্টের অনুষ্ঠান মহাকরণের সামনে থেকে রেড রোডে সরানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় চালু করা হয় স্বাধীনতা দিবসের প্যারেড। এবারও ওই অনুষ্ঠানের স্থান বদলের সম্ভাবনা নেই। বরং স্বাধীনতা দিবস উদযাপনের বহর আরও বাড়বে। এই ব্যাপারে সংশ্লিষ্ট পদস্থ আধিকারিকদের নিয়ে শীঘ্রই মুখ্যসচিব বৈঠক করবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ