সংবাদদাতা, বনগাঁ: শনিবার বিকালে চাকদহ রোডের পাশে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। জিনিসপত্রে আগুনও ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ভেঙে ফেলা হয় অফিসের চেয়ার, টেবিল, টিভি, কাচের দরজা-জানালা। অফিসের হোর্ডিং খুলে তাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। দলীয় কার্যালয়ে থাকা তৃণমূলের পতাকা, বেশ কিছু কাগজপত্র, ফ্লেক্স, ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয়।
এদিন ঘটনার পর ঘটনাস্থলে একাধিক বিজেপি কর্মী, সমর্থক ও ভারতীয় মজদুর সংঘের সদস্যদের দেখা যায়। ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বের দাবি, তৃণমূল নেতারা এই অফিস থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এদিন তার বিরুদ্ধেই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এবিষয়ে স্থানীয় এক টোটোচালক বলেন, টোটো নামানোর সময়ে আমাদের থেকে অতিরিক্ত টাকা আদায় করে নিয়েছিলেন তৃণমূলের নেতারা। আজ আমরা সেই টাকা ফেরত চাইতে এসেছিলাম। টাকা না পেয়ে কিছু মানুষ তীব্র ক্ষোভ জানান। সেই কারণেই এই ঘটনা। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে ভাঙচুর করেছে। এবিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ বলেন, তৃণমূলের ওই কার্যালয় ছিল দুর্নীতির আঁতুড়ঘর। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এদিন। তবে এই ঘটনায় বিজেপি কোনোভাবেই জড়িত নয়।