Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ শিশুমঙ্গল হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা

হাসপাতাল থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হল। অভিযোগের তির বিজেপির দিকে

তৃণমূলের অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ শিশুমঙ্গল হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বরানগর: হাসপাতাল থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হল। অভিযোগের তির বিজেপির দিকে। শরৎ বোস রোডের উপর তৃণমূলের জনসংযোগ কার্যালয়ে অগ্নিকাণ্ডের জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকলকর্মীরা। 

Advertisement

শরৎ বোস রোডের উপরেই রাসবিহারী বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের একটি জনসংযোগ কার্যালয় ছিল। ক্ষমতায় থাকাকালীন সপ্তাহে দু’দিন তিনি সেখানে বসতেন এবং জনসংযোগ সারতেন। এবারের ভোটে পরাজিত হয়ে বিধায়ক পদ খুইয়েছেন কলকাতা পুরসভার এই মেয়র পারিষদ। ৪ মে দুপুর থেকেই এই কার্যালয়টি বন্ধ ছিল। রবিবার দুপুরে একদল যুবক তৃণমূলের ওই পার্টি অফিসে হামলা চালায়। প্রথমে তারা তালা ভাঙে বলে অভিযোগ। তারপর ভিতরে ঢুকে নির্বিচারে আসবাবপত্র ভাঙচুর করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা বলেন, উত্তেজিত যুবকরা পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয়। একইসঙ্গে, পুড়িয়ে দেওয়া হয় সাইনবোর্ড। বাইরে থেকে অন্য তালা লাগিয়ে দেয় তারা।
স্থানীয়দের দাবি, বিজেপির একদল কর্মী-সমর্থক এই হামলা চালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। লালবাজার জানিয়েছে, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে দেবাশিস কুমারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁকে পাওয়া যায়নি। পার্টি অফিস ভাঙচুর ও দখল নিয়ে বিজেপি সাফ জানিয়েছে, কোথাও কোনো পার্টি অফিসে ভাঙচুর চালানো হলে রং না দেখে পুলিশ-প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। শরৎ বোস রোডে তৃণমূলের পার্টি অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার খবর লেখা পর্যন্ত মামলা রুজু হয়নি বলে খবর। 
অন্যদিকে, শনিবার বিকেলে সাজিরহাট ২১৪ নম্বর বাসস্ট্যান্ডের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির কর্মীদের বিরুদ্ধে।  পুলক রায় নামের ওই কর্মীকে নিউ বারাকপুর পুরসভা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ মারধরের পাশাপাশি নগদ টাকাও লুট করা হয়েছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।   নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ