নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: পানীয় জল পরিষেবার জন্য কোচবিহার পুরসভার তরফে তোর্সার পরিস্রুত জল বাড়ি বাড়ি সরবরাহ করা হয়। কিন্তু পানীয় জল প্রকল্পের একটি ভাল্ব বিকল হয়ে যাওয়ার জন্য প্রায় এক সপ্তাহ ধরে জল পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল। কয়েক হাজার বাড়িতে পানীয় জল পৌঁছচ্ছিল না। এদিকে উত্তরবঙ্গের কোনও জায়গায় এই ভাল্ব পাওয়া যায় না। কলকাতা থেকে তা আনাতে হয়। এই পরিস্থিতিতে তড়িঘড়ি কলকাতা থেকে ভাল্ব আনার উদ্যোগ শুরু হয়। যে ক›দিন জল সরবরাহ করা সম্ভব হয়নি, সেই কদিন পুরসভার পক্ষ থেকে ট্যাঙ্কের মাধ্যমে এলাকায় এলাকায় জল সরবরাহ করা হচ্ছিল। সোমবার ওই ভাল্ব এসে পৌঁছতেই তা লাগানোর কাজ শুরু হয়েছে। এদিন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এলাকা পরিদর্শন করেন। পুরসভার দাবি, মঙ্গলবার থেকে জল সরবরাহ আগের মতো হবে।



