Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিশ্বভারতীর বসন্ত উৎসবে প্রশংসিত হল বাল্মীকি প্রতিভার মঞ্চ উপস্থাপনা

বিশ্বভারতীর বসন্ত উৎসবে প্রশংসিত হল বাল্মীকি প্রতিভার মঞ্চ উপস্থাপনা
  • ১৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বসন্ত উৎসব উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় শান্তিনিকেতনের গৌরপ্রাঙ্গণে অনুষ্ঠিত হল রবীন্দ্র-গীতিনাট্য ‘বাল্মীকিপ্রতিভা’। মঞ্চস্থ হওয়ার আগেই শান্তিনিকেতনের সর্বত্র এনিয়ে চর্চা চলছিল। কারণ, আদর্শ গীতিনাট্যের আঙ্গিকে মঞ্চে একইসঙ্গে গান ও অভিনয়ই ছিল এই গীতিনাট্যের মূল আকর্ষণ, যা দেখতে এদিন পাঠভবন চত্বরে দর্শকদের ভিড় উপচে পড়ে। প্রযোজনায় বিশ্বভারতীর বিভিন্ন ভবনের ছাত্র-ছাত্রী-গবেষক, কর্মী ও অধ্যাপকরা যুক্ত ছিলেন। শতাধিক শিল্পী অংশ নেন। সঙ্গীত ভবনের তত্ত্বাবধানে এই উপস্থাপনা মঞ্চস্থ হয়। যার পরিচালনা ও নির্দেশনায় ছিলেন অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায়। মঞ্চে অভিনয় সকলের মনে দাগ কেটেছে। পাশাপাশি মঞ্চসজ্জা, আলোকসজ্জা বিশেষভাবে সকলের প্রশংসা কুড়িয়েছে। 

Advertisement

বসন্ত উৎসবের ইতিহাসে প্রায় ২৫ বছর পর বাল্মীকিপ্রতিভা মঞ্চস্থ হল।‌ তবে, শেষবার অভিনয়ের গানগুলি গাওয়া হয়েছিল নেপথ্য থেকে। তাই, প্রথমবার মঞ্চে গীতাভিনয়ের মাধ্যমে রবীন্দ্রনাথের ‘বাল্মীকিপ্রতিভা’ মঞ্চস্থ হওয়ার বিষয়টি রবীন্দ্র অনুরাগীদের মধ্যে উৎসাহ তৈরি হয়। সঙ্গীত ভবনে প্রস্তুতিও জোরকদমে চলছিল। মহড়া পর্বে প্রাথমিকভাবে গান শিখিয়েছেন অধ্যাপিকা মানিনী মুখোপাধ্যায়। বসন্ত উৎসবের দ্বিতীয় পর্যায়ে, সন্ধ্যা ৭টায় গীতিনাট্যটির সূচনা হয়। বাল্মীকির ভূমিকায় ছিলেন গীতিনাট্যের নির্দেশক অমর্ত্য মুখোপাধ্যায়। দস্যুদের চরিত্রে ছিলেন সঙ্গীত ভবনের অধ্যাপক সুরজিৎ রায়, শিক্ষাসত্রের শিক্ষক সৌমেন সেনগুপ্ত সহ অন্যান্যরা। এছাড়া বালিকার চরিত্রে ছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া দীপান্বিতা রায়, লক্ষ্মী হন অনুষা পাল এবং সরস্বতীর চরিত্রে অভিনয় করেন প্রকৃতি মুখোপাধ্যায়। নৃত্যে বনদেবীদের চরিত্রে কোয়েল মুখোপাধ্যায়, অহনা চক্রবর্তী সহ অনেকে ছিলেন। ‌নেপথ্যে যন্ত্রসঙ্গীতে ছিলেন প্রশান্ত ঘোষ, বুদ্ধদেব দাস, অনিমেষ চন্দ সহ অন্যান্যরা। সাজসজ্জায় বিশেষ অবদান রাখেন বিশিষ্ট শিল্পী তথা শিক্ষাসত্রের প্রাক্তন শিক্ষক সুধীরঞ্জন মুখোপাধ্যায়। রূপসজ্জায় ছিলেন সঙ্গীত ভবনের গবেষক অম্বিকা ভাণ্ডারী। তবে গতানুগতিকের বাইরে বেরিয়ে এবছর মঞ্চে অভূতপূর্ব আলোকসম্পাত তুলে ধরেন সঙ্গীত ভবনেরই নাট্য বিভাগের অধ্যাপক বিপ্লব বিশ্বাস। দর্শক মহলে এই গীতিনাট্য উচ্চ প্রশংসিত হয়েছে। অধ্যাপক কিশোর ভট্টাচার্য বলেন, এই ধরনের উপস্থাপনা দেখে আমরা সকলেই মন্ত্রমুগ্ধ। বিশ্বভারতীর অনুষ্ঠানে এই প্রযোজনা ইতিপূর্বে হয়েছে কি না সন্দেহ। অভিনয়ের প্রশংসা করেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সরেন। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ