


নয়াদিল্লি: গত কয়েক মরশুম মোটেও ভালো কাটেনি বৈশালী রমেশবাবুর। ধারাবাহিকতার অভাবে ভুগতে হয়েছে ভারতের মহিলা গ্র্যান্ড মাস্টারকে। তবে দু’টি টুর্নামেন্ট ঢেকে দিল তাঁর সব ব্যর্থতা। তার মধ্যে অন্যতম বুধবার মহিলাদের ক্যান্ডিডেটস দাবার খেতাব। এই আসরে কোনও ভারতীয় মহিলা দাবাড়ুর এটাই প্রথম সাফল্য। ১৪তম রাউন্ডে রাশিয়ার ক্যাটেরিনা লাগনোকে হারিয়ে ৮.৫ পয়েন্ট নিয়ে শিরোপা জেতেন তিনি। সেই সুবাদে ২০১১ সালে কোনেরু হাম্পির পর দেশের প্রথম মহিলা দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেন ২৪ বছরের তারকা।
বৈশালীর কেরিয়ারের অপর বড় সাফল্যটি এসেছিল সাত মাস আগে। গত বছরের সেপ্টেম্বরে প্রথম ভারতীয় গ্র্যান্ড মাস্টার হিসেবে ফিডে গ্র্যান্ড সুইস জেতেন। মাঝের সময়ে ভাই প্রজ্ঞানন্দের আলোয় ঢাকা পড়ে গিয়েছিলেন বৈশালী। তবু অত্মবিশ্বাস হারাননি তিনি। চূড়ান্ত সাফল্য না পেলেও ফিডে ক্ল্যাসিক্যাল রেটিংয়ে সেরা কুড়ির তালিকায় নিজেকে ধরে রেখেছিলেন বিশ্বনাথন আনন্দের প্রিয় ছাত্রী। এক্ষেত্রে বাড়ির সাহায্যও পেয়েছেন তিনি। ভাই প্রজ্ঞানন্দের সঙ্গে নিরন্তর চালিয়ে গিয়েছেন প্রস্তুতি। এবার তাঁর সামনে বড় চ্যালেঞ্জ। মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াই তাঁর প্রতিদ্বন্দ্বী জু ওয়েনজুন। বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন ৩৫ বছরের চীনা দাবাড়ু। তাই প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ বৈশালী।