বেঙ্গালুরু, ৩১ আগস্ট: টানটান উত্তেজনায় শেষ হলো দলীপ ট্রফিতে পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলের সেমিফাইনালের দ্বিতীয় দিন। এই ম্যাচে প্রথম ইনিংসের হিসেবে কোন দলই এগিয়ে নেই। প্রথম ইনিংসে ব্যাট করে মধ্যাঞ্চল তুলেছিল ২৬৬ রান। জবাবে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চলের প্রথম ইনিংসও শেষ হয়ে যায় ২৬৬ রানেই।
আজ প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের হয়ে রান পেলেন দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরণ এবং বৈভব সূর্যবংশী। বৈভব শুরু থেকেই মারমুখী মেজাজে ছিল। ৮১ বলে ৯২ রান করে আউট হল ভারতীয় ক্রিকেটের নতুন ওয়ান্ডার কিড। অভিমন্যু আউট হন ৬৯ রানে। দুই ওপেনার ছাড়া পূর্বাঞ্চলের আর কোনো ব্যাটার বড় রান পেলেন না। ব্যটারদের ব্যর্থতার জেরে প্রথম ইমিংসে এগোতে পারল না পূর্বাঞ্চল। সুদীপ কুমার ঘরামি করেন ২৫ রান। এছাড়াও ঈশান কিষাণ ও অনুকূল রায় করেন ১৬ রান করে। মধ্যাঞ্চলের হয়ে হর্ষ দুবে ৪ উইকেট নেন এবং আরিয়ান পান্ডে ও যশ ঠাকুর তিনটি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম থেকেই উইকেট হারাতে শুরু করে মধ্যাঞ্চল। দিনের শেষে তাদের স্কোর তিন উইকেট হারিয়ে ৪৫ রান। দু’টি উইকেট নেন মুকেশ কুমার এবং এক উইকেট নেন মহম্মদ শামি। ম্যাচের এখনো দুদিন বাকি। মহম্মদ শামি, মুকেশ কুমারদের এখন লক্ষ্য যত দ্রুত সম্ভব মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংস শেষ করা।