Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শচীনের রেকর্ড ভাঙার সুযোগ বৈভবের সামনে

১৯৮৯ সালে করাচিতে দেশের জার্সিতে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটেছিল শচীন তেন্ডুলকরের। তখন মাস্টার ব্লাস্টারের বয়স ১৬ বছর ২০৫ দিন

শচীনের রেকর্ড ভাঙার সুযোগ বৈভবের সামনে
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ১৯৮৯ সালে করাচিতে দেশের জার্সিতে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটেছিল শচীন তেন্ডুলকরের। তখন মাস্টার ব্লাস্টারের বয়স ১৬ বছর ২০৫ দিন। এতদিন সেটাই ছিল ভারতীয় ক্রিকেটে সবচেয়ে কম বয়সে খেলার নজির। তবে সেই রেকর্ড এবার ভাঙতে পারেন বৈভব সূর্যবংশী। চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে রাজস্থান রয়্যালসের ১৫ বছরের ওপেনার। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ গোটা বিশ্ব। ২২ গজে চার-ছয়ের বন্যা বইয়ে নজর কেড়েছেন জাতীয় নির্বাচকদের। তারই সুফল পেতে পারে বিহারের ব্যাটার। জুন মাসে আয়ারল্যান্ড সফরে দু’টি টি-২০ ম্যাচ খেলতে যাবে টিম ইন্ডিয়া। সেই সফরে সিনিয়র টিমের জার্সিতে দেখতে পাওয়া যেতে পারে বৈভবকে। তেমনই ইঙ্গিত দিয়েছেন এক বোর্ড কর্তা। 

Advertisement

গত মরশুমে ১.১ কোটি টাকার বিনিময়ে আইপিএলে বৈভবকে দলে নিয়েছিল রাজস্থান ফ্র্যাঞ্চাইজি। প্রথম মরশুমেই ৭ ম্যাচে ২০৭ স্ট্রাইক রেটে করেছিল ২৫২ রান। সেই সুবাদে সুযোগ মেলে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে। ছিলেন বিশ্বকাপের প্রথম একাদশে। ফাইনালে ১৭৫ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে দেশকে চ্যাম্পিয়ন করে বৈভব। চলতি ক্রোড়পতি লিগেও সে রয়েছে অসাধারণ ছন্দে। ইতিমধ্যেই ২০০ রান করে ফেলেছে বৈভব। চর্চায় উঠে এসেছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তার ইনিংস। ১৭ বলে ৫২ রান করে রাজস্থানকে জেতায় সে। তারপরেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বিসিসিআই’য়ের কাছে বৈভবকে জাতীয় দলে সুযোগ দেওয়ার আরজি জানান। ভনের সুরে সুর মেলান ইরফান পাঠান, হরভজন সিংয়ের মত প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা। বোর্ড সূত্রের খবর, আয়ারল্যান্ডের বিরুদ্ধে সুযোগ কাজে লাগাতে পারলে বৈভবের নাম রাখা হবে পরবর্তী জিম্বাবোয়ে সফরে।

সম্পর্কিত সংবাদ