উত্তরপ্রদেশ: এফআইআরের আগে আটক! পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের
  • ১৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এফআইআর দায়ের হয়নি। এদিকে যুবককে হেপাজতে নিয়েছে পুলিশ। প্রায় ২৪ ঘণ্টা পর আনুষ্ঠানিক ভাবে গ্রেপ্তারি দেখানো হয়। সম্প্রতি এই অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশের তীব্র সমালোচনা করল এলাহাবাদ হাইকোর্ট। বেআইনি ভাবে আটক দীপক নামে ওই যুবককে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালতের মন্তব্য, উত্তরপ্রদেশ পুলিশ যেন নিজেদেরই আইন বলে মনে করছে।

Advertisement

বিচারপতি অতুল শ্রীধরন এবং বিচারপতি অচল সচদেবের ডিভিশন বেঞ্চ দীপকের আটককে বেআইনি বলে ঘোষণা করে। পাশাপাশি, পুলিশকর্মীদের গ্রেপ্তারের সঠিক পদ্ধতি এবং আমজনতার ব্যক্তিস্বাধীনতা সম্পর্কে প্রশিক্ষণ দিতে উত্তরপ্রদেশের ডিজিপিকে বিশেষ মডিউল তৈরির নির্দেশ দেয় আদালত। উল্লেখ্য, গত ২৩ অগস্ট নয়ডায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পর দীপক ও কয়েকজন যুবককে আটক করে পুলিশ। আদালতে পেশ করা তথ্য অনুযায়ী, ২৩ অগস্ট সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে নয়ডা পুলিশ দীপক-সহ পাঁচ জনকে গ্রেপ্তার করে। অথচ লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয় রাত ৯টা ৩৯ মিনিটে। অর্থাৎ, এফআইআর দায়েরের প্রায় দু’ঘণ্টা আগেই দীপককে আটক করা হয়েছিল বলে আদালতের পর্যবেক্ষণ। পুলিশের দাবি, সংঘর্ষের পর উত্তেজনা ছড়ানোর আশঙ্কা ছিল। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই দীপককে হেফাজতে নেওয়ার পরে নথিপত্রের কাজ সম্পূর্ণ করা হয়েছিল। তবে আদালত এই যুক্তি খারিজ করে জানায়, আইন মেনে চলার বাধ্যবাধকতা এড়ানোর অজুহাত হতে পারে না জনশৃঙ্খলা রক্ষা। পাশাপাশি বিচারপতিরা বলেন, গ্রেপ্তারির নথিতে একাধিক ভুল রয়েছে। যা সম্পূর্ণ বিষয়টা নিয়েই সন্দেহ তৈরি করে।