Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ইউএস ওপেন: আজ নামছেন প্রত্যয়ী জোকার

শেষবার গ্র্যান্ড স্ল্যাম ট্রফি স্পর্শ করেছিলেন ২০২৩ সালের ইউএস ওপেনে। তার পর কেটে গিয়েছে প্রায় তিন বছর।

ইউএস ওপেন: আজ নামছেন প্রত্যয়ী জোকার
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: শেষবার গ্র্যান্ড স্ল্যাম ট্রফি স্পর্শ করেছিলেন ২০২৩ সালের ইউএস ওপেনে। তার পর কেটে গিয়েছে প্রায় তিন বছর। এর মাঝে দু’বার ফাইনাল ও ছ’বার সেমি-ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। কিন্তু বারবার খালি হাতে ফিরতে হয়েছে সার্বিয়ান মহাতারকাকে। ক্রমশ দূরে সরেছে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন। তবু হাল ছাড়তে নারাজ ৩৯ বছরের মহারথী। একরাশ প্রত্যাশা নিয়ে ফের নিউ ইয়র্কে পা রেখেছেন তিনি। সোমবার প্রথম রাউন্ডে জোকারের প্রতিপক্ষ আর্জেন্তিনার মারিয়ানো নাভোন। প্রতিযোগিতায় চতুর্থ বাছাই হিসাবে কোর্টে নামবেন তিনি।

Advertisement

দীর্ঘদিন বড়ো সাফল্য না এলেও টেনিসের সর্বোচ্চ পর্যায়ে এখনও হাঁটুর বয়সি প্রতিপক্ষদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলছেন জকোভিচ। শেষ চারে পৌঁছাচ্ছেন প্রায় নিয়মিত। কিন্তু তারপরই ক্লান্তি ও ধকলের কাছে বশ মানতে হচ্ছে তাঁকে। চলতি বছরের গোড়ায় অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেও হেরেছিলেন কার্লোস আলকারাজের কাছে। এরপর ফরাসি ওপেনে চোট সমস্যায় ফেলেছিল জোকারকে। আর উইম্বলডনে শেষ চার থেকে বিদায় ঘটে তাঁর। ৩৯ বছরের সার্বিয়ান মহাতারকার দম আর রিফ্লেক্সের ঘাটতি ধরা পড়ছে। ধার কমেছে তাঁর র‌্যাকেটে। সঙ্গে বয়সের থাবা। তবু হাল ছাড়ছেন না তিনি। প্রথম ম্যাচে নামার আগে জোকারের মন্তব্য, ‘আমার অবসর নিয়ে মানুষ এত মাথা ঘামাচ্ছে কেন জানি না। এখনও সর্বোচ্চ পর্যায়ে খেলা উপভোগ করছি। সাফল্যের আলোয় বছর শেষ করাই আমার লক্ষ্য।’ 
ইউএস ওপেনে এবার পুরুষদের সিঙ্গলসে খেলছেন না জানিক সিনার। চোট রয়েছে ইতালিয়ান তারকার। ফলে চতুর্থ বাছাই জোকারের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেন আলকারাজ ও আলেকজান্ডার জেরেভ। প্রথম রাউন্ডে আলকারাজ খেলবেন রাশিয়ার রোমান সাফিউলিনের বিরুদ্ধে। চোট সারিয়ে কোর্টে ফিরে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী স্প্যানিশ তারকা। তবে এই টুর্নামেন্টে বড়ো আকর্ষণ জেরেভ। তারকার তকমা না থাকলেও সম্প্রতি দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। সেই সুবাদে প্রতিযোগিতার শীর্ষ বাছাই জেরেভই। শুরুতে তাঁর প্রতিপক্ষ ইতালির লোরেঞ্জো সোনেগো। এদিকে, মহিলাদের সিঙ্গলসে রবিবার প্রথম রাউন্ডের বাধা টপকালেন তৃতীয় বাছাই জেসিকা পেগুলা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ