তেহরান, ৯ জুন: যুদ্ধ পরিস্থিতিতে ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া। হরমুজ প্রণালীর কাছে আছড়ে পড়ল মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার। হরমুজ নিয়ে গত তিন মাসেরও বেশি সময় ধরে একাধিক উত্তেজনা তৈরি হয়েছিল। এরই মাঝে এদিন এই জলপথের কাছে মার্কিন সেনাবাহিনীর এ এইচ-৬৪ অ্যাপাচে কপ্টার ভেঙে পড়ার ঘটনায় ছড়াল চাঞ্চল্য। জানা গিয়েছে হেলিকপ্টারে থাকা দুই সেনাকর্মীকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে।
মার্কিন সেনার এই হেলিকপ্টারটি কী কারণে ভেঙে পড়েছে তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ক্রুটি না কি ইরানের গুলিবর্ষণের কারণে ভেঙে পড়েছে সেনাকপ্টারটি তা খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার হরমুজ প্রণালীর কাছে সেনার এই বিশেষ কপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় আমেরিকা এবং ইরান উভয় পক্ষই সম্প্রতি একে অপরের বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পাইলটরা সুস্থ আছেন। কেউ জখম হননি। আমরা আগামীকাল এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করব। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের সঙ্গে উত্তেজনা শুরু হওয়ার পর থেকে তেহরানকে ঠেকাতে অ্যাপাচে হেলিকপ্টার, এমকিউ-৯ রিপার ড্রোন, এফএ-১৮ এবং এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করে আসছে মার্কিন বাহিনী। গত ২৮ ফেব্রুয়ারি সংঘর্ষ শুরুর পর থেকে ইরান প্রায় একাধিক মার্কিন রিপার ড্রোন গুলি করে নামিয়েছে। সেই সঙ্গে আমেরিকার কয়েকটি যুদ্ধবিমানও ধ্বংস হয়েছে।