কলকাতা: প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি থেকে স্বাস্থ্য পরিষেবা—বিভিন্ন ক্ষেত্রে আরও মজবুত হচ্ছে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক। গত সোমবার কলকাতায় এসে এমনই দাবি করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর উদ্যাপন উপলক্ষ্যে এশহরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন মার্কিন কনসাল জেনারেল ক্যাথি জাইলস-ডিয়াজ, বাংলার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সহ অন্যরা। ওই অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত জানান, ‘ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত মজবুত। আপনি যে কোনো সেক্টরে তাকান, দেখবেন সেখানেই আমরা একসঙ্গে কাজ করছি।’ মার্কিন রাষ্ট্রদূত বিশেষ জোর দিয়েছেন প্রতিরক্ষা ক্ষেত্রে। গোরের কথায়, দুই দেশের ৫০০টিরও বেশি ট্রুপ রাজস্থানের যোধপুর বায়ুসেনা ছাউনিতে ‘তরঙ্গ শক্তি’ নামে যৌথ মহড়া দিয়েছে।
সাম্প্রতিক সময়ে শুল্ক থেকে গ্রিন কার্ড—ট্রাম্প সরকারের নানান সিদ্ধান্তের প্রভাব পড়েছে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে। সেই পর্বে মার্কিন রাষ্ট্রদূতের এহেন মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সার্জিও গোর আরও বলেন, ‘তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও দু’দেশে অসাধারণ কাজ হচ্ছে। বেশ কিছু সংস্থা যেমন আমেরিকায় বিনিয়োগ করছে। আবার কয়েকটি মার্কিন সংস্থাও এদেশে বড়োমাপের কারখানা গড়ছে।’ গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সূত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। গোরের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘কী হতে চলেছে, নজর রাখুন!’



