Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

রেকর্ডের ঝলকে চেন্নাইকে জেতালেন উর্ভিল প্যাটেল

সকালে বিজয়, বিকেলে উর্ভিল। নতুনের জয়গান তামিলভূমিতে। দক্ষিণের রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার সকালে শপথ নেন অভিনয়  থেকে রাজনীতিতে আসা বিজয়।

রেকর্ডের ঝলকে চেন্নাইকে জেতালেন উর্ভিল প্যাটেল
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: সকালে বিজয়, বিকেলে উর্ভিল। নতুনের জয়গান তামিলভূমিতে। দক্ষিণের রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার সকালে শপথ নেন অভিনয়  থেকে রাজনীতিতে আসা বিজয়। তাঁর দলের সাফল্যকে অনেকেই তারুণ্যের জয়গান হিসেবেই দেখছেন। মেরিনা বিচের পাশে চিপকের বাইশ গজেও সেই তারুণ্যেরই ঝলকানি দেখা গেল আইপিএলের লড়াইয়ে। চেন্নাই সুপার কিংসের তরুণ ব্যাটার উর্ভিল প্যাটেলের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে উড়ে গেল লখনউয়ের বোলারদের যাবতীয় প্রতিরোধ। ১৩ বলে হাফ-সেঞ্চুরি হাঁকান গুজরাতে জন্মানো ক্রিকেটারটি। সঙ্গে সঙ্গে স্পর্শ করেন রেকর্ডও। আইপিএলে সবচেয়ে কম বলে অর্ধশতরান হাঁকানোর নজির এতদিন ছিল যশস্বী জয়সওয়ালের ঝুলিতে। তাতেই ভাগ বসালেন উর্ভিল। তাঁর সাফল্যে ভর করে চেন্নাই ৫ উইকেটে হারাল লখনউকে। হলুদ আর্মি (১১ ম্যচে ১২ পয়েন্ট) প্লে-অফে ওঠার আশাও জাগিয়ে রাখল। তবে সেই দৌড় থেকে বিদায় নিল লখনউ। তাদের ডাগ আউটে বসা একজনের ম্যাচ চলাকালীন মোবাইল ফোনের ব্যবহার নিয়েও জন্ম নিয়েছে বিতর্ক। কয়েকদিন আগে এতে  কড়া নিষেধাজ্ঞা জারি করেছে বোর্ড।

Advertisement

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লখনউ ৮ উইকেটে তোলে ২০৩। জস ইংলিশ ঝোড়ো ৮৫ রান করেন। তবে ব্যর্থ মিচেল মার্শ (১০) ও নিকোলাস পুরান (১)। হতাশ করেন ঋষভ পন্থ (১৫) ও আইডেন মার্করাম (৬)। শাহবাজ আহমেদ ২৫ বলে অপরাজিত ৪৩ না করলে দু’শোর গণ্ডিও টপকাত না লখনউ।  জবাবে চেন্নাইয়ের শুরুটা ভালো হয়নি। সঞ্জু স্যামসন ২৮ রানে আউট হন। তিনে নামা উর্ভিল প্যাটেল ঘরোয়া ক্রিকেটে বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত। এদিন সুযোগের সদ্ব্যবহার করলেন তিনি। আভেশ খানের ওভারে টানা তিনটি ছক্কা হাঁকানোর পর ষষ্ঠ ওভারে দিগ্বেশ রাঠিকেও রেয়াত করেননি। ৮ বলে পৌঁছন ৪১ রানে। ছিল আইপিএলে দ্রুততম হাফ-সেঞ্চুরি হাঁকানোর হাতছানি। অনেকেই মোবাইলে রেকর্ড ঘাঁটাও শুরু করে দেন। কিন্তু হাফ-সেঞ্চুরি পূর্ণ করতে উর্ভিলের লাগে ১৩ বল। তারপরই পকেট থেকে চিরকুট বের করেন। তাতে লেখা ছিল, ‘বাবা, তোমার জন্য।’ শেষ পর্যন্ত ২৩ বলে ৬৫ রানে আউট হন উর্ভিল। চেন্নাই ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের সংগ্রহ ৪২। শেষ দিকে পর পর উইকেট পড়ায় চেন্নাইয়ের জয়ের প্রতীক্ষা কিছুটা দীর্ঘ হয়। তবে শেষ ওভারে পরপর ছক্কা মেরে জেতান শিবম দুবে (অপরাজিত ১৫)। চার বল বাকি থাকতেই দু’পয়েন্ট জোগাড় করে চেন্নাই (২০৮-৫)। 

Advertisement
সম্পর্কিত সংবাদ