নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শারদোৎসবের আগেই কলকাতায় বসছে ফুটবল কার্নিভাল। ফেডারেশন তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে লড়াইয়ে নামছে ভারত। তার তিনদিন পরেই (৬ অক্টোবর) উরুগুয়ের মুখোমুখি হবে মেন ইন ব্লুজ। বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে এই ম্যাচের কথা ঘোষণা করে এআইএফএফ। অর্থাৎ, আসন্ন ফিফা উইন্ডোতে মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে খালিদ-ব্রিগেড। যুবভারতীতে জোড়া ম্যচের পাশাপাশি ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ পানামা। আসন্ন এই তিনটি ম্যাচ ঘিরেই ফুটবল অনুরাগীদের মধ্যে উন্মাদনার পারদ ক্রমশ চড়ছে।
দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল। তবে গত কয়েক বছর অবশ্য তাদের শক্তি অনেকটাই কমেছে। ফিফা র্যাংকিংয়ে তাদের অবস্থান ২০ নম্বরে। তবে ২০২৬ বিশ্বকাপে ব্যর্থতার পর দলের কোচের পদে নিযুক্ত হয়েছেন প্রাক্তন তারকা স্ট্রাইকার ডিয়েগো ফোরলান। ভারতের পা রাখার আগে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দু’টি প্রীতি ম্যাচ খেলবেন ফেডেরিকো ভালভার্দে-ডারউইন নুনোজরা। উল্লেখ্য, অতীতে ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে ফোরলানের। আইএসএলে ২০১৬ সালে মুম্বই সিটি এফসি’র হয়ে খেলতে দেখা গিয়েছিল প্রাক্তন এই তারকা স্ট্রাইকারকে। এবার তাঁর প্রশিক্ষণে যুবভারতীতে খেলতে নামবে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আসন্ন তিনটি ফিফা ফ্রেন্ডলির জন্য ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতিতে নেমে পড়েছে ফেডারেশন। সূত্রের খবর, পানামা ম্যাচের আগে বাচিগা শহরে অন্তত ১০ দিনের প্রস্তুতি শিবিরের আয়োজন করতে পারেন কোচ খালিদ জামিল। প্রাথমিকভাবে অন্তত ৩৬ জন ফুটবলারকে ডাকা হবে শিবিরে। সেখান থেকে ম্যাচের আগে চূড়ান্ত স্কোয়াড বেছে নেবেন তিনি।