Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬

গুঁড়ো সাবান দিয়ে তৈরি ২.৩ কোটি লিটার দুধ বিক্রির অভিযোগ, চাঞ্চল্য

গুঁড়ো সাবান দিয়ে তৈরি ২.৩ কোটি লিটার দুধ বিক্রির অভিযোগ, চাঞ্চল্য
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: দেখতে একেবারে আসল দুধের মতো। সাদা রং দেখে বোঝার উপায় নেই যে সেটি ভেজাল। গত ছ’মাস ধরে কাপড় কাচার গুঁড়ো সাবান দিয়ে তৈরি সেই ভেজাল দুধ খেয়েছেন ডবল ইঞ্জিন মহারাষ্ট্রের বাসিন্দা বহু মানুষ। অবশেষে পুলিশ এবং এফডিএ-র যৌথ অভিযানে সেই ভেজাল দুধ তৈরির একটি কারখানার হদিশ মিলল। মহারাষ্ট্রের ধরাশিব জেলার ভূম তালুকে ছিল সেই কারখানা। সেটির সঙ্গে জড়িত সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও একজন অভিযুক্তকেও গ্রেপ্তার করা যায়নি। তবে ভেজাল দুধ কারবারের সঙ্গে যুক্তদের ধরতে বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ গঠন করেছে মহারাষ্ট্র সরকার। 

Advertisement

পুলিশ জানাচ্ছে, ওই কারখানায় তল্লাশির সময় একটি রেজিস্টারের সন্ধান মিলেছে। তাতে দেখা যাচ্ছে, ভেজাল দুধ তৈরি করতে গত ছ’মাস ধরে ২ লক্ষ ৩০ হাজার ৪৭০ কেজি নিকৃষ্ট গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে। আর তা দিয়ে বানানো হয়েছে প্রায় ২৩ লক্ষ ৪ হাজার ৭০ লিটার ভেজাল দুধ। সেই দুধ বিক্রি হয়েছে ৯ কোটি ২১ লক্ষ ৬২ হাজার ৮০০ টাকায়। তদন্তকারীরা জানাচ্ছেন, ১০০ লিটার ভালো দুধের সঙ্গে ১০ লিটার ভেজাল দুধ মেশানো হয়েছে। এভাবে ভূমের বিভিন্ন দুধ বিক্রয়কেন্দ্র থেকে মহারাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে প্রায় ২ কোটি ৩০ লক্ষ লিটার ভেজাল দুধ। আসলের মতো দেখাতে দুধে মেশানো হয়েছে কাপড় কাচার গুঁড়ো সাবান। আর দুধের ফ্যাট লেভেল ঠিক রাখতে মেশানো হয়েছে পাম তেল এবং রাসায়নিক। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে এই ভেজাল দুধ খেলে লিভার, কিডনি এবং হজমশক্তি নষ্ট হতে পারে। শিশু, গর্ভবতী মহিলা এবং বয়স্কদের প্রাণহানির সম্ভাবনাও প্রবল। ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী, এই ধরনের কাজে দোষী প্রমাণিত হলে এক লক্ষ টাকা জরিমানা এবং যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ