Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লিবারেশন কাঁটায় বিদ্ধ আরএসপি, বাম শরিকদের গণ্ডগোল ঘিরে ভরতপুরে শোরগোল

জোট নিয়ে জট ভরতপুরে। এবার বামফ্রন্টের শরিক হিসেবে বিধানসভা নির্বাচনে লড়ছে সিপিআইএমএল (লিবারেশন)।

লিবারেশন কাঁটায় বিদ্ধ আরএসপি, বাম শরিকদের গণ্ডগোল ঘিরে ভরতপুরে শোরগোল
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: জোট নিয়ে জট ভরতপুরে। এবার বামফ্রন্টের শরিক হিসেবে বিধানসভা নির্বাচনে লড়ছে সিপিআইএমএল (লিবারেশন)। তাদের দশটি আসন ছাড়া হয়েছে। যার মধ্যে রয়েছে ভরতপুরও। এদিকে বহু আগে থেকেই বামেদের আর এক শরিক আরএসপি ভরতপুরে প্রার্থীর নাম ফাঁকা রেখে তাদের প্রতীক সহ দেওয়াল লিখন শুরু করে দেয়। সম্প্রতি বামফ্রন্ট প্রার্থিতালিকা ঘোষণা করতেই লিবারেশনও তাদের প্রার্থী জিয়াতুন নাহার গুলশন বেগমের নাম লিখে প্রচার শুরু করেছে। দু’ দলেরই দাবি, ভরতপুরে তাদের প্রার্থীই প্রকৃত বামফ্রন্ট প্রার্থী। যা নিয়ে শোরগোল পড়েছে ভরতপুর বিধানসভায়। 

Advertisement

উল্লেখ্য, ভরতপুর বরাবরই আরএসপির শক্তঘাঁটি হিসাবে পরিচিত। প্রয়াত সত্যপদ ভট্টাচার্য ও ইদ মহম্মদ কয়েকবার করে এখান থেকে আরএসপির প্রতীকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট হওয়ায় আরএসপি এই কেন্দ্রে প্রার্থী দেয়নি। কিন্তু এবার কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ায় মাসখানেক আগে থেকেই তারা প্রচার শুরু করে দেয়। বিভিন্ন এলাকায় প্রার্থীর নাম ছাড়া দেওয়াল লিখন হয়েছে। এমনকী দলের সাম্ভাব্য প্রার্থী হিসেবে এক জেলা নেতার নামও ভাসছে। ওই জেলা নেতাকে দেওয়াল লেখায় এবং প্রচারেও দেখা গিয়েছে। আরএসপির জেলা নেতা তথা ভরতপুর লোকাল কমিটির সম্পাদক জামাল চৌধুরী বলেন, বাম শরিক হিসেবে আমাদের প্রার্থী এই কেন্দ্র থেকে লড়বেন, এটাই সিদ্ধান্ত হয়েছে। যে কারণে আমরা প্রচার শুরু করেছি।
এদিকে লিবারেশনও প্রার্থীর নাম দিয়ে প্রচার শুরু করেছে। ইতিমধ্যে স্যোশাল মিডিয়ায় দলের প্রার্থী হিসেবে নাম দেখা যাচ্ছে ভরতপুর লোকাল কমিটির সম্পাদক জিয়াতুন নাহার গুলশান বেগমের। তিনি বলেন, বামফ্রন্টের শরিক হিসেবে এবার আমরা এই কেন্দ্র থেকে লড়ছি। এখানে আমাকেই প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে। সাংগঠনিক বৈঠক শুরু হয়েছে। ইদের পরদিন থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করব। এখানে আরএসপি কেন প্রচারে নেমেছে জানি না, ওটা ওঁদের ব্যাপার।
এই ঘটনা ঘিরে ভরতপুরের রজিনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আরএসপির জেলা সম্পাদক নওফেল মহম্মদ সফিউল্লা বলেন, বামফ্রন্টের পক্ষ থেকে এখনও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি। যে কারণে আমাদের প্রার্থীর নাম দেওয়ালে লেখা হয়নি। তবে বামেদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার প্রস্তুতিও নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, লিবারেশন ও সিপিএমের মধ্যে রাজ্যস্তরে কিছু কথাবার্তা হয়েছে বলে জানতে পেরেছি। তবে ওটা ওই দুই দলের ব্যাপার। এখানে বামফ্রন্টের কোনো ব্যাপার নেই। যদিও লিবারেশনেরে জেলা সম্পাদক রাজীবলোচন রায় বলেন, বামফ্রন্টের পক্ষ থেকে ভরতপুর কেন্দ্রে আমাদের দলের প্রার্থী দেওয়া হয়েছে। দ্রুত বাড়ি বাড়ি প্রচার শুরু হবে।

সম্পর্কিত সংবাদ