নয়াদিল্লি: ইউপিআই ব্যবহারের জন্য গ্রাহকদের দিতে হবে না আলাদা টাকা। স্পষ্ট করল কেন্দ্র। লোকসভায় শুক্রবারই ২০০৭ সালের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন সংশোধনের বিল পাশ হয়েছে। ওই সংশোধনীতে ইউপিআই সহ সরকার নির্ধারিত অন্যান্য ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থায় ব্যাংক ও পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে লেনদেনের উপর চার্জ বসানোর অনুমতি দেওয়ার ক্ষমতা সরকারের হাতে দেওয়া হয়েছে। তার পরেই ইউপিআই প্রসঙ্গে অর্থ মন্ত্রক জানিয়েছে, সাধারণ গ্রাহকদের একে অন্যের মধ্যে ইউপিআই লেনদেন সম্পূর্ণ বিনামূল্যেই থাকবে। অধিকাংশ ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রেও কোনো চার্জ বসবে না। ভবিষ্যতে এমডিআর চালু হলেও তা নির্দিষ্ট সীমার উপরে হওয়া নির্দিষ্ট কিছু বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। চার্জের পরিমাণও হবে নামমাত্র। ডেবিট বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বর্তমানে যে এমডিআর প্রযোজ্য, তার তুলনায় অনেক কম থাকবে। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর অভিযোগ, সরকারি আশ্বাস বা সমাজমাধ্যমে দেওয়া পোস্ট কোনো আইনি সুরক্ষার বিকল্প হতে পারে না।



