পিছু হটল মোদি সরকার! পরশুদিন নয়, ইউপিআই লেনদেনে মাশুল কার্যকর দীপাবলির পরে
  • ১৩ অক্টোবর, ২০২৬ ১৪:২৯
Prefer us on Google

নয়াদিল্লি, ১৩ অক্টোবর: দু’হাজার টাকার উপর ব্যবসায়িক ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ মাশুল (এমডিআর) ঘোষণা করেছে কেন্দ্র। ১৫ অক্টোবর থেকে বিক্রেতাদের উপর তা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু ব্যবসায়ীদের আপত্তির জেরে এই সিদ্ধান্ত থেকে আপাতত পিছু হটল কেন্দ্র। ইউপিআই পরিষেবার দায়িত্বে থাকা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) মঙ্গলবার জানিয়েছে, এখনই ইউপিআই লেনদেনে এমডিআর লাগু হচ্ছে না। তা চালু হবে দীপাবলির পরে। 

Advertisement

যদিও এই বিষয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানায়নি এনপিসিআই। পরে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, অক্টোবরের পরিবর্তে জানুয়ারি মাসে ইউপিআই লেনদেনে মাশুল কার্যকর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন একাধিক সরকারি সূত্র।

ছ’বছর ধরে নিখরচায় ইউপিআই পরিষেবা দিয়েছে এনপিসিআই। তাদের পরিসংখ্যান বলছে, গত আগস্ট মাসেই মোট ২৯.৮২ লক্ষ কোটি টাকা লেনদেন হয়েছে ডিজিটাল মাধ্যমে। ভারতে ব্যবসা এখন অনেকাংশে ইউপিআই নির্ভর। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে উৎসবের মরশুম। এই সময় কেনাকাটা অনেকটাই বেড়ে যায়। উৎসব মরশুমের মাঝপথে ০.৪ শতাংশ এমডিআর চালু নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁদের আশঙ্কা, এই মাশুল চালু হলে ব্যবসায় বিরূপ প্রভাব পড়বে। জিনিসপত্রের দাম বাড়বে। ভোগ্যপণ্যের চাহিদাও সংকুচিত হতে পারে।