


লখনউ: ‘রেন রেন গো অ্যাওয়ে’ হোক বা ‘জনি জনি ইয়েস পাপা’— খুদেদের ইংরেজি শিক্ষার একেবারে প্রাথমিক ধাপে থাকে এই দুই ছড়া। এবার এই দু’টিকেই পাঠ্যক্রম থেকে সরিয়ে দেওয়ার নিদান দিলেন উত্তরপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায়। তাঁর কথায়, ‘এই ধরনের পাশ্চাত্য ছড়াগুলি ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে পুরোপুরি মানানসই নয়। শিশুদের উপর ভুল প্রভাব ফেলতে পারে এই ছড়া।’ তাঁর এই মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে।
সমস্যা কোথায়? কানপুরের মার্চেন্ট মেম্বার হলে সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে এর ব্যাখ্যা করেছেন যোগেন্দ্র নিজেই। তিনি বলেন, ‘জনি জনি ইয়েস পাপা ছড়াটি শিশুদের মিথ্যা বলতে শেখায়।’ তাঁর মতে, শিক্ষার সঙ্গে সঙ্গে শিশুদের নৈতিক মূল্যবোধ ও সংস্কার শেখানোও অত্যন্ত জরুরি। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘কেবল পাঠ্যক্রম পড়ালেই হবে না, গুরু হিসাবে শিশুদের সঠিক মূল্যবোধও শেখাতে হবে।’ এছাড়াও ‘রেন রেন গো অ্যাওয়ে’ ছড়া নিয়ে আপত্তির কথাও জানান তিনি। মন্ত্রীর কথায়, ‘কৃষিপ্রধান দেশে বর্ষাকে আনন্দের সঙ্গে স্বাগত জানানো হয়। সেখানে বৃষ্টিকে চলে যেতে বলা কি ঠিক?’ তাঁর মতে, ভারতীয় সংস্কৃতিতে বর্ষার বিশেষ গুরুত্ব রয়েছে। তাই শিক্ষার বিষয়বস্তুও সেই সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন হওয়া উচিত। তিনি জানান, শিশুদের জন্য এমন কবিতা ও ছড়া থাকা দরকার যা ভারতীয় ভাবনা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষাকে তুলে ধরে। তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে পাঠ্যবইয়ের বিষয়বস্তু নির্বাচন নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা করা হতে পারে।