নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসাধুচক্রের কারবারিরা সবসময় সুযোগের সন্ধান করে। জনগণনার যে কাজ শুরু হয়েছে, সেখানেও অসাধু কারবারিরা জাল ছড়ানোর চেষ্টা করতে পারে। এমন আশঙ্কা তৈরি হয়েছে। তাই সাধারণ মানুষকে সতর্ক ও সজাগ থাকার বার্তা দিয়েছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এবং সামাজিক মাধ্যমেও এই সংক্রান্ত বার্তা ঘোরাফেরা করছে। ওই বার্তায় এটা বলা হয়েছে, কেউ আপনার বাড়িতে এসে কোনো প্রকল্প বা জনগণনার জন্য তথ্য চাইতে পারে। ছবি তুলতে পারে, আঙুলের ছাপ নিতে পারে। কিন্তু কোনো তথ্য দেওয়ার আগে সাধারণ মানুষ যথেষ্ট সজাগ ও সতর্ক থাকুন। এছাড়া সামাজিক মাধ্যমে বার্তা ঘুরছে, বিশেষ করে বাড়ির মহিলারা সজাগ ও সতর্ক থাকবেন। কোনো ব্যক্তি আপনার বাড়িতে এসে তথ্য চাইলে, সেই ব্যক্তির পরিচয় আগে যাচাই করবেন। তারপর প্রয়োজন অনুযায়ী সেইমতো তথ্য দেবেন। আর বাড়িতে আসা কোনো ব্যক্তির আচরণ সন্দেহজনক হলে তাকে ঘরের ভিতর প্রবেশ করতে দেবেন না। মার্জিত, ভদ্র পরিচয়ের ছদ্মবেশেও কোনো ব্যক্তি অসাধুচক্রের জাল বুনতে পারে, তাই সজাগ থাকবেন।



