নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: গঙ্গাজলঘাটিতে পথশ্রী প্রকল্পের দু’কোটি টাকার রাস্তার কাজ শেষ না করে বেপাত্তা হয়ে গিয়েছেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। রাস্তা অসম্পূর্ণ অবস্থায় থেকে যাওয়ায় বাসিন্দাদের চলাচলে চরম সমস্যা হচ্ছে। গঙ্গাজলঘাটি ব্লকের ভুইফোড় গ্রাম থেকে ১৪নম্বর জাতীয় সড়ক পর্যন্ত ওই রাস্তায় বিধানসভা ভোটের আগে থেকে পাথর বিছিয়ে রাখা হয়েছে। তারফলে যান চলাচলেও সমস্যা হচ্ছে। অবিলম্বে রাস্তা নির্মাণের কাজ শেষ করার দাবিতে বাসিন্দারা সরব হয়েছেন। প্রশাসন রাস্তা মেরামত করতে না পারলে অন্তত পাথর সরিয়ে দেওয়া হোক, এই দাবি জানিয়েছেন পথচারীরা।
গঙ্গাজলঘাটির বিডিও মৃন্ময়ী চট্টোপাধ্যায় বলেন, ওই রাস্তাটি রাজ্য গ্রামোন্নয়ন সংস্থা তৈরি করছে। নির্মাণকাজ অসমাপ্ত থাকার বিষয়টি গ্রামোন্নয়ন সংস্থা ও জেলা প্রশাসনের আধিকারিকদের জানিয়েছি।
স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ সূত্রধর, বিষ্ণুপদ বাউরি বলেন, মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সহ আশপাশের কলকারখানায় আমাদের এলাকার অনেকে দিনমজুরি করেন। ওই রাস্তা দিয়ে ভুইফোড়, রাজামেলা সহ একাধিক গ্রামের কয়েক হাজার মানুষ দৈনিক যাতায়াত করেন। আগে সেটি কাঁচা রাস্তা ছিল। পরে সেটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছিল। ভোটের আগে রাস্তার উপর পাথর বিছিয়ে দেওয়া হয়। তারপর আর কোনো কাজ হয়নি। বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর ঠিকাদার সংস্থা পাততাড়ি গুটিয়ে চলে গিয়েছে। এখন পাথরের উপর দিয়ে যাতায়াত করতে চরম সমস্যা হচ্ছে। যানবাহনের টায়ার কেটে যাচ্ছে। রাস্তার উপর দিয়ে হাঁটা দুষ্কর হয়ে উঠেছে। অবিলম্বে রাস্তার নির্মাণকাজ শুরু করতে হবে। তা না হলে বিছিয়ে রাখা পাথর সরিয়ে রাস্তার পাশে প্রশাসন ডাঁই করে দিক।
ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গাজলঘাটি শ্মশানকালী মন্দির এলাকায় জাতীয় সড়ক থেকে দেউলি হয়ে ভুইফোড় গ্রাম পর্যন্ত ওই রাস্তা প্রায় চার কিলোমিটার। রাস্তা তৈরির জন্য পূর্বতন সরকার পথশ্রী রাস্তাশ্রী -৪ প্রকল্পের আওতায় ২ কোটি ৩ লক্ষ ৬১ হাজার টাকা বরাদ্দ করে। রাজ্য গ্রামোন্নয়ন সংস্থার আওতায় ওই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু কাজ শেষ না করেই ঠিকাদার সংস্থা চলে গিয়েছে। পথশ্রী প্রকল্পের আওতায় কাজ করার পর অনেক ঠিকাদার বকেয়া পাননি বলে অভিযোগ তুলেছেন। এনিয়ে বিভিন্ন সময়ে তাঁরা প্রশাসনের কাছে ডেপুটেশনও দিয়েছেন। টাকা বকেয়া থাকার কারণে গঙ্গাজলঘাটির মতো অন্যান্য এলাকাতেও হয় কাজ থমকে রয়েছে অথবা কেউ তা শুরু করেননি। ঠিকাদার ও সরকার তথা প্রশাসনের টানাপোড়েনের ফল এলাকার বাসিন্দাদের ভুগতে হচ্ছে। এভাবে চললে প্রশাসনের উপর ভুক্তভোগীদের ক্ষোভ বৃদ্ধি পাবে বলে ওয়াকিবহাল মহলের অভিমত।
বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের ভুইফোড় গ্রামে যাওয়ার রাস্তার বেহাল দশা। -নিজস্ব চিত্র