হায়দরাবাদ: নাবালিকাকে ধর্ষণ মামলায় অবশেষে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলে সাই ভগীরথ। আজ, রবিবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠিয়েছে পুলিশ। পকসো মামলায় নাম জড়ানোর পরই গা ঢাকা দিয়েছিলেন প্রভাবশালী বিজেপি নেতার ছেলে। হদিশ পেতে শনিবারই তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করে হায়দরাবাদ পুলিশ। তল্লাশি চালাতে পাঁচটি বিশেষ টিমও গঠন করা হয়েছিল। ভগীরথের হদিশ পেতে কল ডিটেল রেকর্ড (সিডিআর) এবং ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস (আইপি)-এর সাহায্য নেন তদন্তকারীরা। উল্লেখ্য, পেটবাসিরাবাদ থানায় মন্ত্রীপুত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল নির্যাতিতার পরিবার। তার ভিত্তিতে ধর্ষণ সহ পকসো আইনের একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ। কিশোরীর মায়ের অভিযোগ, ২০২৫ সালের জুন মাস থেকে অভিযুক্তের সঙ্গে সম্পর্কে জড়ায় কিশোরী। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রী-পুত্র। এরপর অক্টোবর মাস থেকে জানুয়ারির মধ্যে একাধিকবার কিশোরীকে ধর্ষণ ও মদ্যপান করতে বাধ্য করে ভগীরথ। গত ৭ জানুয়ারি দু’জনের সম্পর্ক ছিন্ন হয়। তারপরই পুলিশের দ্বারস্থ হয় তার পরিবার। যদিও ভগীরথের দাবি, পাঁচ কোটি টাকা চেয়েছিল কিশোরীর পরিবার। সেই টাকা না দিলে কিশোরী আত্মহত্যা করবে বলেও হুমকি দেয় তারা। করিমনগর-২ টাউন থানায় কিশোরীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। পালটা কিশোরীর পরিবারের তরফেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ জমা পড়ে।



