আমেদাবাদ: প্রধানমন্ত্রীর বাসভূমি গুজরাতের অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে উত্তরাখণ্ডের পর এবার দ্বিতীয় রাজ্য হিসাবে গুজরাতেও আইনে পরিণত হল ইউসিসি। এবার গুজরাত সরকারের তরফে নিয়মাবলি ঘোষণার মাধ্যমে রাজ্যটিতে চালু হবে এই নতুন আইন। তবে গুজরাতের তপশিলি উপজাতিদের (এসটি) উপর তা কার্যকর হবে না। প্রায় ৮ ঘণ্টার আলোচনা শেষে গত ২৪ মার্চ গুজরাত বিধানসভায় পাশ হয় অভিন্ন দেওয়ানি বিধি বিল। বিল সম্পর্কে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল বলেন, ‘গুজরাতের মা-বোনদের জন্য এই নতুন বিল পেশ করা হচ্ছে। এটি ২০৪৭ সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে অন্যতম পদক্ষেপ। এই বিল কোনো সম্প্রদায়ের প্রতি বৈষম্যের মনোভাব থেকে তৈরি হয়নি। কারো অধিকার বা স্বাধীনতা খর্ব করা হবে না।’ যদিও কংগ্রেস এই বিলের উপর আলোচনায় অংশ নেয়নি। বিলটিকে ‘অ্যান্টি-মুসলিম’ বলে দাবি করে সেটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানায় কংগ্রেস ও আম আদমি পার্টি। যদিও তাতে কর্ণপাত করেনি পদ্মশিবির।



