নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ডহারবার শহরজুড়ে হাই টেনশন তারগুলিকে ভূগর্ভে ঢুকিয়ে দিয়েছে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। পুরসভা এলাকায় ফুটপাত কেটে তলা দিয়ে তার নিয়ে যাওয়া হয়েছে। সেই কাজ বহু আগে শেষ হয়েছে। কিন্তু খোঁড়াখুঁড়ির পর বহু জায়গায় ফুটপাতের গর্ত ঠিকমতো মেরামত না করার জন্য সেটি এবড়োখেবড়ো অবস্থায় পড়ে রয়েছে। ফলে পথচারীদের হাঁটাচলা করতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। অনেকে ঝক্কি এড়াতে রাস্তায় নেমে যাতায়াত করছেন।
এনিয়ে ডায়মন্ডহারবার পুরসভার তরফে জানানো হয়েছে, মেরামতির জন্য টেন্ডার ডাকা হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। এই কাজের জন্য ২৬ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে। পুজোর আগে ফুটপাত আগের চেহারায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দারা বলেন, ফুটপাতে যে পাথরের ব্লক বসানো হয়েছিল, সেগুলি ভেঙে ছড়িয়ে রয়েছে। ছোট ছোট গর্ত হয়ে যাওয়ার ফলে যখন তখন তাতে পা পড়ে গিয়ে মচকে যাচ্ছে। ছোটছোট শিশুদের হাঁটাচলাতেও সমস্যা হচ্ছে। এদিকে ফুটপাত ছেড়ে রাস্তায় নেমে হাঁটতেও দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
জানা গিয়েছে, কপাটহাট থেকে একেবারে ডায়মন্ডহারবার ফেরিঘাট পর্যন্ত ফুটপাত তৈরি করা হয়েছিল। গত বছরের শেষের দিকে হাই টেনশন তার ভূগর্ভে ঢোকানোর কাজ শুরু হয়। এই প্রকল্প শেষ হওয়ার পর বহুদিন কেটে গেলেও ফুটপাত মেরামত করা হয়নি। তারপর নির্বাচন ও তার পরবর্তীতে নতুন সরকার আসার পরও এ ব্যাপারে তোড়জোড় দেখা যায়নি বলে অভিযোগ। এসবের মধ্যে ডায়মন্ডহারবার পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়। কিন্তু যেভাবে পথচারীদের সমস্যা হচ্ছিল, তাতে এর স্থায়ী সমাধান না করা গেলে যখন তখন দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল। তাই পুর প্রশাসকের উদ্যোগে অবশেষে ফুটপাত মেরামতির প্রস্তুতি শুরু হয়েছে। নিজস্ব চিত্র