Bartaman Logo
১৮ জুন, ২০২৬

দেশে বেকারত্বের হার গত ৬ মাসে সর্বাধিক

ভারতে ১৫ বছর ও তার বেশি বয়সিদের মধ্যে বেকারত্বের হার এপ্রিল মাসে ৫.২ শতাংশে পৌঁছাল। যা গত ছয় মাসের মধ্যে সর্বাধিক। শুক্রবার পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের রিপোর্ট প্রকাশিত হয়েছে।

দেশে বেকারত্বের হার গত ৬ মাসে সর্বাধিক
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতে ১৫ বছর ও তার বেশি বয়সিদের মধ্যে বেকারত্বের হার এপ্রিল মাসে ৫.২ শতাংশে পৌঁছাল। যা গত ছয় মাসের মধ্যে সর্বাধিক। শুক্রবার পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের রিপোর্ট প্রকাশিত হয়েছে। সারা দেশে ৩ লক্ষ ৭৪ হাজার ২৪৩ জনের মধ্যে সমীক্ষা চালানো হয়। তাতেই এমন তথ্য উঠে এসেছে। এর আগে গত বছরের অক্টোবরে বেকারত্বের হার ৫.২ শতাংশে পৌঁছেছিল। চলতি বছরের মার্চে এই হার ছিল ৫.১ শতাংশ। শহর এলাকায় বেকারত্বের হার অবশ্য কিছুটা কমেছে। মার্চে শহরাঞ্চলে এই হার ছিল ৬.৮ শতাংশ, এপ্রিলে তা কমে হয়েছে ৬.৬ শতাংশ। অন্যদিকে, গ্রামীণ এলাকায় বেকারত্বের হার মার্চের তুলনায় সামান্য বেড়ে হয়েছে ৪.৬ শতাংশ। সমীক্ষায় বলা হয়েছে, গত বছরের তুলনায় গ্রামীণ ও শহর এলাকায় চলতি বছরে বেকারত্বের হার প্রায় একই রয়েছে। চলতি বছরের এপ্রিলে ১৫ বছরের বেশি বয়সি পুরুষদের মধ্যে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৫.১ শতাংশে। যা গত বছরের এপ্রিলে ছিল ৫.২ শতাংশ। গ্রামীণ এলাকায় কর্মহীন পুরুষের হার মার্চের (৪.৪ শতাংশ) তুলনায় এপ্রিলে বেড়ে হয়েছে ৪.৭ শতাংশ। অপরদিকে, একই সময়ে শহর এলাকায় পুরুষদের বেকারত্বের হার ৬.১ শতাংশ থেকে কমে হয়েছে ৫.৯ শতাংশ। অন্যদিকে, মহিলাদের মধ্যে মার্চের তুলনায় বেকারত্বের হার ৫.৩ থেকে বেড়ে এপ্রিলে হয়েছে ৫.৪ শতাংশ। গত বছরের এপ্রিলে এই হার ছিল ৫ শতাংশ। গ্রামীণ মহিলাদের মধ্যে কর্মহীনের হার ৪.১ শতাংশ আর শহরাঞ্চলের মহিলাদের মধ্যে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৮.৫ শতাংশে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ