সংবাদদাতা, পুরুলিয়া: হাইকোর্ট পুরানো বোর্ডের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেও পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলাররা কবে দায়িত্ব ফিরে পাবেন, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এখনও পর্যন্ত হাইকোর্টের অর্ডার কিংবা পুরদপ্তরের কোনও নির্দেশ এসে পৌঁছায়নি বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। বিষয়টি কিছুদিনের মধ্যেই মিটে যাবে বলে আশা করছেন প্রাক্তন কাউন্সিলাররা।
বর্তমানে পুরুলিয়া পুরসভার দায়িত্বে থাকা প্রশাসক তথা ঝালদার মহকুমা শাসক মানসকুমার পাণ্ডা বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় কিছু খবর শোনা যাচ্ছিল। তবে পুরুলিয়া পুরসভায় এই সংক্রান্ত কোনো নির্দেশ এখনও আসেনি। পুরদপ্তরের কাছেও এরকম কোনও নির্দেশে এসে পৌঁছায়নি। নির্দেশ এসে পৌঁছালে পুরদপ্তর এবিষয়ে সিদ্ধান্ত নেবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার পুরুলিয়া পুরসভার পুরানো বোর্ডকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত ডিসেম্বর মাসে তৎকালীন রাজ্য সরকার একাধিক অভিযোগে তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ড ভেঙে দিয়েছিল। তারপর থেকেই প্রশাসক হিসাবে মহকুমা শাসক দায়িত্বে রয়েছেন। সম্প্রতি নতুন রাজ্য সরকারও বিগত সরকারের মতোই প্রশাসক হিসাবে মহকুমা শাসককেই দায়িত্ব দেয়। তারপরই মঙ্গলবার হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলাকারী কাউন্সিলাররা জয়ী হন বলে জানা গিয়েছে। তবে প্রাক্তন চেয়ারম্যান কবে ফের পদে বসতে পারবেন তা নিয়ে বুধবার বিকাল পর্যন্ত ধোঁয়াশা কাটেনি।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার আদালতের নির্দেশে তৃণমূল কংগ্রেসের বোর্ডকে ক্ষমতা ফিরিয়ে দেবে নাকি পুনরায় এবিষয়ে আদালতের দরজায় কড়া নাড়বে তা এখনও নিশ্চিত নয়। প্রাক্তন চেয়ারম্যান নব্যেন্দু মাহালি বলেন, হাইকোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে দ্রুত পুরানো বোর্ডকে আগের অবস্থাতেই ফিরিয়ে দিতে। এখনও পর্যন্ত হয়তো আদালতের নির্দেশ পুর দপ্তরে পৌঁছায়নি। ওই নির্দেশ যাওয়ার পরই দপ্তরের পক্ষ থেকে পুরসভায় এই সংক্রান্ত নির্দিষ্ট নির্দেশ আসার কথা। সবমিলিয়ে গোটা প্রক্রিয়া সম্পন্ন হতে এক সপ্তাহ সময় লেগে যেতে পারে। তিনি আরও বলেন, এতে গণতন্ত্রের জয় হয়েছে। পুরুলিয়া পুরসভার বোর্ড অন্যায়ভাবে ভেঙে ফেলা হয়েছিল। তা আদালতের নির্দেশে প্রমাণিত।