Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ইডেনে অনিশ্চিত বিশ্বকাপের সেমি-ফাইনাল

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল কি ইডেনে হবে? টুর্নামেন্টের মাঝপথে তা নিয়ে হঠাৎই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইডেনে অনিশ্চিত বিশ্বকাপের সেমি-ফাইনাল
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল কি ইডেনে হবে? টুর্নামেন্টের মাঝপথে তা নিয়ে হঠাৎই অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, সম্প্রচারকারী সংস্থাকে চিঠি দিয়ে সেই সম্ভাবনার কথা জানিয়েছে আইসিসি। প্রথম সেমি-ফাইনাল কলকাতার পাশাপাশি কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও প্রবল। এই জটিলতা কেন? প্রথমে ঠিক ছিল পাকিস্তান শেষ চারে পৌঁছালে ইডেনে ম্যাচ হবে না। অন্যথায় ক্রিকেটের নন্দনকাননে মেগা ম্যাচ নিশ্চিত। তারপরেও এই জটিলতা কেন?

Advertisement

ভারতের সঙ্গেই  চলতি বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কা। তারা যদি সেমি-ফাইনালে ওঠে এবং ভারত ছাড়া অন্য দেশের মুখোমুখি হয়, তবে ম্যাচ হবে কলম্বোয়। কিন্তু সেমি-ফাইনালে ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি হলে সেই ম্যাচ হবে ওয়াংখেড়েতে। তখন ইডেনে প্রথম সেমি-ফাইনাল হতে অসুবিধা নেই। অর্থাৎ অনেক যদি ও কিন্তুর উপর তাকিয়ে থাকতে হচ্ছে ইডেনকে। 
এরমধ্যেই সেমি-ফাইনাল ও ফাইনালের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। কিন্ত ম্যাচ কোথায় তা নিয়ে ধন্দ থাকছেই। তাই কলকাতা, মুম্বই, কলম্বো ও আমেদাবাদের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি পাকিস্তান ফাইনালে ওঠে, তাহলে কলকাতায় সেমি-ফাইনাল ও আমেদাবাদে ফাইনাল হবে না। দু’টি ম্যাচই হবে কলম্বোয়। সেক্ষেত্রে যাঁরা কলকাতা ও আমেদাবাদে টিকিট কাটবেন, তাঁদের টাকা ফিরিয়ে দেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ