Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ার পুরানো গরিমা ফেরাতে উন্নয়নকেই অগ্রাধিকার উমেশের

রাজ্যের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই হাওড়ার উন্নয়নের রূপরেখা সামনে আনলেন উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক উমেশ রাই।

হাওড়ার পুরানো গরিমা ফেরাতে উন্নয়নকেই অগ্রাধিকার উমেশের
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাজ্যের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই হাওড়ার উন্নয়নের রূপরেখা সামনে আনলেন উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক উমেশ রাই। সোমবার লোকভবনে মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর নিজের বিধানসভা এলাকায় ফিরতেই তাঁকে ঘিরে কার্যত উৎসবের আবহ তৈরি হয়। যদিও এখনও তাঁর দপ্তর ঘোষণা করা হয়নি, তবুও মন্ত্রিসভায় স্থান পাওয়ায় বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

Advertisement

সালকিয়া সহ বিভিন্ন এলাকায় গেরুয়া আবির উড়িয়ে আনন্দ প্রকাশ করেন বিজেপি কর্মীরা। ঢাক-ঢোল, ব্যান্ড-বাজনার তালে নাচে-গানে মেতে ওঠেন সমর্থকরা। জয় শ্রীরাম স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। বিভিন্ন জায়গায় ফুলের মালা পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে নবনিযুক্ত মন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উমেশ রাই বলেন, ‘দল আমাকে বিধায়ক বানিয়ে রাজা করেছিল, আর মুখ্যমন্ত্রী আমাকে মহারাজা বানিয়েছেন। এটা আমার কাছে বোনাস।’ পাশাপাশি হাওড়ার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন তিনি।
মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী একটি চকচকে হাওড়া চান, তিনি সেই লক্ষ্যেই কাজ করবেন। সেই কারণে রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা ও পানীয় জলের পরিকাঠামো উন্নয়নের জন্য বড়ো অঙ্কের ডিপিআর তৈরির কাজ চলছে। পাশাপাশি হাওড়া জেলা হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসাবে গড়ে তোলা, সত্যবালা আইডি হাসপাতাল এবং টিএল জয়সওয়াল হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, হিন্দিভাষী ছাত্রছাত্রীদের জন্য একটি কলেজ প্রতিষ্ঠা এবং নভেম্বরের মধ্যে হাওড়া পুরসভার নির্বাচন সম্পন্ন করার বিষয়টিও তাঁর অগ্রাধিকারের তালিকায় রয়েছে। এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে হাওড়া শিল্পাঞ্চলের বিভিন্ন সমস্যা তুলে ধরা এবং জেলার হারিয়ে যাওয়া শিল্প, ঐতিহ্য ও পুরানো গরিমাকে ফিরিয়ে আনতে তিনি সক্রিয় ভূমিকা নেবেন বলেও জানান।

Advertisement
সম্পর্কিত সংবাদ