সংবাদদাতা, উলুবেড়িয়া: ‘সরকারের মূল লক্ষ্য সাধারণ মানুষকে উন্নত পরিষেবা দেওয়া। মানুষের মাঝে না থাকলে এবং পরিষেবা না দিলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে।’ সোমবার উলুবেড়িয়া পুরসভায় এসে এই কথা বলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। এদিন দুপুরে তিনি পুরসভার চেয়ারম্যান, আধিকারিক ও কাউন্সিলারদের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রী বলেন, ‘বিগত সরকারের আমলে পথশ্রী, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে দুর্নীতি হয়েছে। কাজ না করে অনেক জায়গায় বিল করা হয়েছে। সব তদন্ত হবে।’ তিনি আরও জানান, উলুবেড়িয়া পুরসভার কাউন্সিলারদের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাদের সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি। তাঁর মতে, ‘সাফাই কর্মীদের মধ্যে নেতা বেশি হয়ে গিয়েছিল। কাজ না করে নেতাদের পিছনে পিছনে ঘুরেছে এরা। এরকম অনেক অভিযোগ আমার কাছে এসেছে। এসব দুর্নীতি রোখার জন্যই নতুন সরকার গঠিত হয়েছে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।’ ঠিকাদারদের মধ্যে কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে সেক্ষেত্রেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।



