Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

ইউক্রেনীয় রোবটের দাপট, খতম তিন হাজার রুশসেনা

রাশিয়াকে শায়েস্তা করতে যুদ্ধক্ষেত্রে রোবট সেনা নামিয়েছে ইউক্রেন। শনিবার একথা ঘোষণা করেন ইউক্রেনের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

ইউক্রেনীয় রোবটের দাপট, খতম তিন হাজার রুশসেনা
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কিয়েভ: রাশিয়াকে শায়েস্তা করতে যুদ্ধক্ষেত্রে রোবট সেনা নামিয়েছে ইউক্রেন। শনিবার একথা ঘোষণা করেন ইউক্রেনের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ। এবার সামনে এল সেই রোবট সেনার দাপটের বিবরণ। শত্রুপক্ষের প্রতিরক্ষা লাইনের পিছনে আকাশপথে নামানো ইউক্রেনের ‘কামিকাজে গ্রাউন্ড রোবট’ অভিযানে প্রায় ৩,০০০ রুশ সেনা নিহত হয়েছে। এমনই  দাবি ইউক্রেনীয় সেনার।

Advertisement

‘অপারেশন ভিভালদি’ নামে গোপন এই অভিযান শুরু হয়েছিল মে মাসে। গত সপ্তাহে অভিযানের বিস্তারিত প্রকাশ্যে আনে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর থার্ড আর্মি কর্পস। অভিযানে দোনেৎস্কের বিতর্কিত এলাকায় পাঁচটি গ্রাম ও তিনটি জনবসতি পুনর্দখল করা হয়েছে বলে দাবি। ইউক্রেনের থার্ড আর্মি কর্পসের কমান্ডার জেনারেল আন্দ্রি বিলেতস্কি বলেন, ‘গ্রাউন্ড রোবট আকাশপথে নামানোর এই কৌশল বিশ্বে আমরাই প্রথম ব্যবহার করেছি।’ বোমারু ড্রোনের সাহায্যে ছোট আকারের চালকবিহীন গ্রাউন্ড ভেহিকল বা ইউজিভি রুশ ফ্রন্টলাইনের পিছনে নামানো হয়। এগুলোই আসলে রোবট। যা রিমোটের মাধ্যমে পরিচালনা করা যায়। এর মধ্যে বোঝাই করা থাকে বিস্ফোরক। লক্ষ্যবস্তুর কাছে পৌঁছলেই ঘটে বিস্ফোরণ। রোবটে থাকা ক্যামেরায় গোটা এলাকার ছবি পরিষ্কার দেখতে পান অপারেটর। ইউক্রেনীয় সেনার দাবি, মে মাস থেকে চলা অভিযানে অন্তত ১৫,৭০০-র বেশিবার হামলা চালানো হয়েছে। মূলত রুশ কমান্ড পোস্ট, সেনার আশ্রয়কেন্দ্র, রসদ সরবরাহ কেন্দ্র, নদী পারাপারের স্থানগুলিকে লক্ষ্য করে হামলা চালায় রোবটগুলি। বিলেতস্কির দাবি, ‘শত্রু আকাশপথে হামলার জন্য প্রস্তুত থাকে। কিন্তু স্থলভাগ থেকে হামলা খুবই অপ্রত্যাশিত। কাজেই যেখানে শত্রু  নিজেদের নিরাপদ ভেবেছিল সেখানেই তাদের সেনারা নিহত ও আহত হয়েছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ