কিয়েভ: রাশিয়ার টাটারস্ট্যান অঞ্চলের নিঝনেকামস্ক শহরে রবিবার গভীর রাতে বড়ো ধরনের ড্রোন হামলা চালাল ইউক্রেন। এই ঘটনায় এক শিশু সহ ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংবাদ সংস্থা। আহত ৪৮ জন। নিঝনেকামস্ক রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও রাসায়নিক শিল্পকেন্দ্র। এই শহরে দু’টি তেল শোধনাগার ও একটি বড়ো পেট্রোকেমিক্যাল কারখানা রয়েছে। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দূরে নিঝনেকামস্ক। শহরটির জনসংখ্যা প্রায় ২ লক্ষ ৪০ হাজার। ইউক্রেনের তৈরি দূরপাল্লার ড্রোনগুলি সাম্প্রতিক সময়ে রাশিয়ার গভীরে ঢুকে হামলা চালাতে পারছে। গত কয়েক মাস ধরেই রাশিয়ার তেল ও জ্বালানি পরিকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইউক্রেন। এর ফলে রাশিয়ার জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। দেশের তেল পরিশোধন ক্ষমতাও কমেছে বলেও দাবি। প্রশাসন জানিয়েছে, রবিবার রাত থেকে শিল্পাঞ্চলের পাশাপাশি বসতি এলাকাতেও হামলা চালানো হয়েছে। টাটারস্ট্যান প্রশাসন হামলার বিষয়টি নিশ্চিত করলেও সোমবার রাত পর্যন্ত ইউক্রেন মুখ খোলেনি। রবিবার রাতে অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমাজমাধ্যমে লেখেন, ‘রাশিয়া যত হামলা চালাবে, ইউক্রেনও জবাব দেবে।’ ইউক্রেনের দাবি, রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলার উদ্দেশ্য হল মস্কোর উপর চাপ বাড়ানো। রুশ প্রেসিডেন্টকে আলোচনায় বসতে বাধ্য করা।



