মাদ্রিদ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মরশুমের শুরুতেই হাই-ভোল্টেজ লড়াই। মঙ্গলবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ইন্তার মিলানের বিরুদ্ধে লড়াইয়ে নামছে রিয়াল মাদ্রিদ। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল স্প্যানিশ ক্লাবটি। ২০২৪ সালে শেষবার ইউরোপ সেরার স্বাদ পায় তারা। তবে গত দু’টি মরশুম মোটেই ভালো কাটেনি তাদের। এবার তাই হোসে মরিনহোর হাত ধরে ফের চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলতে মরিয়া লস ব্ল্যাঙ্কোস। লা লিগায় গত ম্যাচে অবশ্য হারের মুখ দেখেছে তারা। তবে চ্যাম্পিয়ন্স লিগের আসরে সেই ফল কোনো প্রভাব ফেলবে না বলেই আশাবাদী রিয়াল কোচ। মঙ্গলবার ইন্তারের বিরুদ্ধে নজর থাকবে কিলিয়ান এমবাপের দিকেও। ইউরোপ সেরার খেতাব জয়ের লক্ষ্যেই ২০২৪ সালে পিএসজি ছেড়ে মাদ্রিদে পাড়ি দেন তিনি। তবে গত দু’বার নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ এই ফরাসি তারকা। এবার মরিনহোর প্রশিক্ষণে নিজেকে প্রমাণে মরিয়া এমবাপে।
দিনের অপর ম্যাচে পোর্তোর মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলা দল ছাড়ার পর নতুন করে নিজেদের গুছিয়ে নিয়েছে সিটিজেনরা। এনজো মারেস্কার প্রশিক্ষণে ইপিএলে প্রথম তিনটি ম্যাচেই জয় পেয়েছে তারা। এবার বিপক্ষের ডেরাতে তিন পয়েন্ট নিয়ে ইউরোপ সেরার অভিযান শুরু করাই লক্ষ্য হালান্ড-এনজো ফার্নান্ডেজদের।



