Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬

ফ্লাইদুবাইয়ের বিমানে জঙ্গি হামলাই হয়েছে, বিবৃতি প্রকাশ আমিরশাহির, প্রকাশ্যে ওমানি পাইলটের পরিচয়, খতিয়ে দেখা হচ্ছে আল কায়েদা যোগ

বিমানে থাকা ক্রাশ অ্যাক্স অর্থাৎ কুঠার দিয়ে পাইলট স্মিত মচ্ছরকে একের পর এক কোপ বসায় ওমানি কো-পাইলট।

ফ্লাইদুবাইয়ের বিমানে জঙ্গি হামলাই হয়েছে, বিবৃতি প্রকাশ আমিরশাহির, প্রকাশ্যে ওমানি পাইলটের পরিচয়, খতিয়ে দেখা হচ্ছে  আল কায়েদা যোগ
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: বিমানে থাকা ক্রাশ অ্যাক্স অর্থাৎ কুঠার দিয়ে পাইলট স্মিত মচ্ছরকে একের পর এক কোপ বসায় ওমানি কো-পাইলট। সেই আঘাত সহ্য করেও লড়াই চালিয়ে বিমান যাত্রীদের প্রাণ বাঁচিয়েছেন ভারতীয় পাইলট। প্রাথমকিভাবে এমনই জানা গিয়েছিল। এবার তাতে সিলমোহর দিল সংযুক্ত আরব আমিরশাহি। শনিবার আমিরশাহির অ্যাটর্নি জেনারেলের তরফে জানানো হয়েছে, বিমানটিকে হাইজ্যাক করার লক্ষ্যে ভারতীয় পাইলটকে কুঠার দিয়েই বারবার আঘাত করা হয়েছে। সে দেশের আর এক শীর্ষ কূটনৈতিক উপদেষ্টা আনওয়ার গারগাশ পুরো ঘটনাটিকে ‘ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা’ হিসাবে ব্যাখ্যা করেছেন। এক্স হ্যান্ডলে গারগাশ লেখেন, স্মিত মচ্ছর যাবতীয় প্রশংসার দাবিদার। এমন বিপজ্জনক সন্ত্রাসী হামলার মুখে তিনি সাহস ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। চরম প্রতিকূল পরিস্থিতিতে এমন পেশাদারিত্ব ও নৈতিকতা তাঁকে ‘হিরো’ বানিয়েছে। এরইমাঝে আমিরশাহির হেপাজতে থাকা ওমানি পাইলটের পরিচয় প্রকাশ্যে এসেছে। অভিযুক্তের নাম হামাম আল-হাম্মামি। ওমানের নাগরিক হলেও আমিরশাহিতেই বেশিরভাগ সময় কাটিয়েছে সে। মা সিরিয়ান। সোশ্যাল মিডিয়া সূত্রে জানা গিয়েছে, হামাম বাকিংহ্যামশায়ার নিউ ইউনিভার্সিটি থেকে বিমান পরিবহণ নিয়ে পড়াশোনা করেছিল। পরে ওমান এয়ারে কর্মরত ছিল। মৌলবাদী মতাদর্শ সামনে আসতেই ওমানে তাকে বিমান চালানোর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে সংস্থার অন্যান্য দায়িত্বে বহাল ছিল হামাম। পরে ফ্লাইদুবাইয়ে যোগ দেয়।  সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দু’টি পোস্টও রয়েছে। সেখানে জঙ্গি সংগঠন আল কায়েদার নেতা তথা ৯/১১ হামলার অন্যতম চক্রী আয়মান আল-জাওয়াহিরির ছবিও দেখা গিয়েছে। ওসামা বিন লাদেনের মৃত্যুর পর জঙ্গি সংগঠনকে নেতৃত্ব দিয়েছিল জাওয়াহিরি। হামামের সঙ্গে আল কায়েদার কোনো যোগ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ