গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ দুই যুবক, চাঞ্চল্য
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: শনিবার সকালে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক। ঘটনাটি ঘটেছে নোদাখালি থানার রায়পুরে। ডুবুরি নামিয়ে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালালেও হদিশ মেলেনি তাঁদের। ওই দুই যুবকের নাম সায়ন হালদার ও চয়ন সামন্ত। বয়স আঠারো। বাড়ি বজবজে। মহালয়ার আবহে এমন ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

Advertisement

ডায়মন্ডহারবার পুলিশ জেলার সুপার সি বর্ধন বলেন, ওটা পরিত্যক্ত ঘাট। এদিন চারজন বন্ধু স্নান করতে গিয়েছিলেন। তাঁদের কেউ সাঁতার জানতেন না। তখন ভাটা চলছিল। জলে নেমে দাপাদাপি করছিলেন। এর ভিতর দু’জন ডুব দিলে আর ওঠেনি। আগেও ওই চারজন ঘাটে এসে স্নান করেছেন। তবে তেমন কোনও বিপত্তি হয়নি।   
রায়পুরে দুটি স্নানের ঘাট আছে। একটি শ্মশান ঘাট ও অন্যটি স্বদেশী মেলার ঘাট। ওই দুটিতে তর্পণ হয়েছে। প্রচুর পুলিশ ও নিরাপত্তা ব্যবস্থা ছিল। পরিত্যক্ত ঘাটটি লোকচক্ষুর বাইরে। সেখানে কেউ সেভাবে যায় না। ফলে কারও নজর ছিল না। চার বন্ধু মিলে চুপিচুপি সেখানে গিয়ে নামে। দুজন যখন ডুব দিয়েছিল ওই সময় অন্য দুজন কিছুটা দূরে ছিলেন। বেশ কিছু সময় তাঁরা না ওঠায় বাকি দুজন পাশের ঘাটে খুঁজতে যায়। কিন্তু দেখা না  পেয়ে ভাবে, স্নান করে চলে গিয়েছে। ফলে বেশ কিছুক্ষণ পরে বিষয়টি জানাজানি হয়। তারপর পুলিশের নজরে আসে। সঙ্গে সঙ্গেই পুলিশ ও প্রশাসন ডুবুরি নামায়। বিপর্যয় মোকাবিলা দপ্তরের লোকজন আসে। কাজে নেমে পড়েন। যদিও রাত পর্যন্ত কাউকে পাওয়া যায়নি।