নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আর জি করের নির্যাতিতা চিকিৎসক তরুণীর মৃত্যুর দু’বছর পূর্তিতে আজ রবিবার পানিহাটিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভয়া স্মরণে আজ রবিবার বিকেল পাঁচটায় পানিহাটি লোক সংস্কৃতি ভবনে হাজির হবেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত থাকবেন নিহত চিকিৎসক তরুণীর মা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ সহ একাধিক বিধায়ক ও মন্ত্রী সহ পদস্থ কর্তা ব্যক্তিরা। সূত্রের খবর, অভয়া স্মরণে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন এবং পরবর্তী পরিকল্পনার কথা জানাবেন। আরও জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর হাত ধরে ‘অভয়া দেবনাথ মেমোরিয়াল ট্রাস্ট’ নামে একটি সংস্থার উদ্বোধন হওয়ার কথা। ওই সংস্থার তরফে পানিহাটিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিহত চিকিৎসকের বাবা শেখর রঞ্জন দেবনাথ বলেন, ‘মেয়ের নামে একটা ট্রাস্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে অভয়াকে নিয়ে সরকারি পরিকল্পনা এবং বিচার প্রক্রিয়া নিয়েও মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন।’



