


সংবাদদাতা, পুরাতন মালদহ: টাঙন নদীতে জল বাড়তেই পুরাতন মালদহ ব্লকের বিভিন্ন এলাকায় সুরক্ষা ছাড়া দেদার নৌকা ব্যবহার শুরু হয়েছে। অভিযোগ, অনেকে নিয়মের তোয়াক্কা না করে মাছ ধরা এবং ধান কাটার জন্য জলপথে নৌকা নিয়ে যাচ্ছেন।
বুধবার সন্ধ্যায় মুচিয়া গ্রাম পঞ্চায়েতে জমির কাটা ধান নিয়ে যাওয়ার পথে টাঙন নদীতে নৌকা উল্টে তলিয়ে যান দুই শ্রমিক। ঘটনাস্থলে যায় মালদহ থানার পুলিশ। ওই নদীতে স্পিড বোট নামিয়ে সিভিল ডিফেন্স কর্মীরা তন্নতন্ন করে খুঁজেও বৃহস্পতিবার পর্যন্ত তাঁদের কোনো হদিশ পায়নি।
পুরাতন মালদহের বিডিও অনীক রায় বলেন, বিষয়টি শুনেছি। আমাদের পক্ষ থেকে আগেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতকে সতর্ক করে দেওয়া হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, সেনিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। অনুমতি এবং সুরক্ষা ছাড়া নৌকা ব্যবহার করা যাবে না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টাঙন নদীর পাশে রয়েছে মুচিয়া গ্রাম পঞ্চায়েত। ওই গ্রামের সিংহভাগ মানুষ কৃষিজীবী। নদীর ধারে অনেকের জমি রয়েছে। বর্তমানে নদীর জল বাড়ছে। সেজন্য অনেকেই ধান কেটে ঘরে তুলছেন। সেই ধান কাটার জন্য গ্রামের বাসিন্দারা কালিয়াচকের গোলাপগঞ্জ থেকে ধান কাটার শ্রমিক নিয়ে এসেছিলেন। ওই শ্রমিকরা দিন মজুরিতে ধান কাটেন। তাঁরা ধান কেটে নৌকায় মজুত করেন। নদীপথে স্থানীয় রাজবার গ্রাম থেকে সিন্ধিয়া যাওয়ার উদ্দেশ্যে ধান ভর্তি নৌকা রওনা হয়। সঙ্গে অনেক শ্রমিক ছিলেন। নৌকা ছাড়ার পরে ডাহুক ঘাট এলাকায় নৌকা ডুবে যায়। অনেকে লাফিয়ে প্রাণে বাঁচলেও নৌকা সহ গোলাপগঞ্জের জাহাঙ্গির মিয়াঁ (২৪) এবং জাকির মিয়াঁ (২৩) তলিয়ে যান। অনেক খুঁজেও তাঁদের হদিশ পাওয়া যায়নি।
স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য সুপ্রিয়া হালদার সরকার বলেন, ধান কেটে শ্রমিকরা নৌকা নিয়ে ফিরছিলেন। আচমকা তলিয়ে যায়। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। দুই শ্রমিকের হদিশ মেলেনি। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। মালদহ থানার পুলিশ জানিয়েছে, দু’জনের খোঁজে তল্লাশি জারি রয়েছে।