লন্ডন: ব্রিটেনের বেডফোর্ডের কাছে দু’টি ট্রেনের সংঘর্ষ। শুক্রবারের এই দুর্ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। ইস্ট মিডল্যান্ড রেলওয়ে জানিয়েছে, এদিন কর্বি থেকে লন্ডন সেন্ট প্যানক্রাসের উদ্দেশে রওনা দেয় একটি ট্রেন। নটিংহাম থেকে আরও একটি একই গন্তব্যে যাচ্ছিল। বেডফোর্ডের কাছে আচমকা দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও উদ্ধারকারী দলের সদস্যরা। আহতদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলের একাধিক ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, সংঘর্ষের জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে ট্রেনের কামরা। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবহণমন্ত্রী হাইদি অ্যালেকজান্দার। পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জেমস মারেও। তাঁর কথায়, ‘দ্রুত উদ্ধারকাজ শুরু করার জন্য ফার্স্ট রেসপন্ডারদের ধন্যবাদ জানাই।’



