Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলে ডুবে মৃত্যু দুই কিশোরের, খুনের দাবি পরিবারের

ইসলামপুরে জলে ডুবে মৃত্যু দুই কিশোরের। এই ঘটনায় জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

জলে ডুবে মৃত্যু দুই কিশোরের, খুনের দাবি পরিবারের
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরে জলে ডুবে মৃত্যু দুই কিশোরের। এই ঘটনায় জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হল নেতাজিপল্লির শুভঙ্কর দাস (১৬) এবং রামকৃষ্ণপল্লির রাজেশ চৌহান (১৫)। প্রথম জন দশম শ্রেণির এবং অন্যজন নবম শ্রেণির ছাত্র ছিল। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে তেলিভিটা এলাকায়।

Advertisement

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে তিন বন্ধু বাড়ি থেকে বের হয়েছিল। তারা তেলিভিটায় একটি পুকুরে স্নান করতে নেমেছিল। ওই পুকুর থেকেই দুই কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। সেই সময়ের স্নানের একটি ভিডিও অন্য এক বন্ধুর মোবাইলে রেকর্ডিং হয়েছে। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান। ভাইরাল ভিডিও দেখে পরিবারের দাবি খুন করা হয়েছে।
মৃত রাজেশের বাবা অর্জুন চৌহান বলেন, ভিডিওতে দেখেছি এক ছেলে জলে ডুবে যাচ্ছিল। সেই সময় আমার ছেলে তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু অন্য ছেলেটি পিছন থেকে ধাক্কা দেয়। আমার ছেলেকে খুন করা হয়েছে। শুভঙ্করের জেঠিমা আশা দাস বলেন, এটা খুন। যে জলে ডুবিয়ে খুন করেছে তার ভিডিও আছে। আমরা ওর শাস্তি চাই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছয় বন্ধু মিলে দুপুরে পুকুরে স্নান করতে গিয়েছিল। তিন বন্ধু পুকুরে নেমেছিল। বাকিরা অপেক্ষা করছিল। স্নানের সময় ঘটনাটি ঘটেছে। খুন না কি দুর্ঘটনা, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। খুন করা হলে কেন খুন, সেবিষয়েও তদন্ত চলছে। ইসলামপুর পুলিশ জেলার এসপি রাকেশ সিং বলেন, মৃত এবং অভিযুক্ত সকলেই নাবালক। তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ