নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিস্ফোরক ও সন্ত্রাসবাদী মামলার দ্রুত নিষ্পত্তির জন্য কলকাতার বিচারভবনে এনআইএ’র দু’টি বিশেষ স্থায়ী আদালত চালু হল। মঙ্গলবার কলকাতা নগর দায়রা আদালতের বহুতল ভবনে সুসজ্জিত ‘হাইপ্রোফাইল’ এই দুই এজলাসে শুরু হয় মামলার যাবতীয় কাজকর্ম। এনআইএ’র এই বিশেষ আদালত চালুর সূচনাপর্ব অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী, বিচারপতি শম্পা সরকার, বিচারপতি ঋতব্রত কুমার মিত্র, মুখ্য বিচারক সুদীপ্তকুমার দে, আইনমন্ত্রী বীরাজ বিশ্বাস, এনআইএ’র ডিজি রাকেশ আগরওয়াল, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দাসহ আইনজগতের বিশিষ্টরা। আদালত সূত্রের খবর, এর আগে মুখ্য বিচারকের এজলাস সহ অন্য একটি বিশেষ আদালতে চলছিল এনআইএ’র যাবতীয় মামলার শুনানি। কিন্তু সেখানে অন্য মামলার জেরে এনআইএ’র মামলার শুনানি নানাভাবে বিলম্বিত হচ্ছিল। আইনজ্ঞদের বক্তব্য, এই সমস্ত মামলায় সাক্ষীর সংখ্যা একাধিক। ফলে নির্দিষ্ট কোর্ট না থাকার ফলে একেকটি মামলা বিচার শেষ হতে গড়িয়ে যাচ্ছিল দীর্ঘ সময়। এনআইএ’র বিশেষ সরকারি কৌঁসুলি শ্যামল ঘোষ বলেন, ‘আমরা আশা করছি, এবার বিস্ফোরক ও সন্ত্রাসবাদী মামলায় আরও ‘গতি’ আসবে। এই সমস্ত মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।’ এদিকে, এ রাজ্যে এনআইএ’র বিশেষ থানা চালু হওয়ার ফলে অভিযুক্তদের দ্রুত কোর্টে হাজির করা সম্ভব হবে। সব মিলিয়ে পৃথক থানা এবং দু’টি বিশেষ আদালত চালু হওয়াতে এবার এনআইএ’র বিভিন্ন মামলার তদন্তও আর দ্রুত গতিতে করা সম্ভব হবে।



