Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানগোলায় দুই বোনকে বেহুঁশ করে গয়না টাকা লুট

শুক্রবার রাতে ভগবানগোলা থানার বর্ষাতিগোলা বীরেন্দ্রনগর রেল কলোনিতে দুই বোনকে বেঁহুশ করে লুটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

ভগবানগোলায় দুই বোনকে বেহুঁশ করে গয়না টাকা লুট
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: শুক্রবার রাতে ভগবানগোলা থানার বর্ষাতিগোলা বীরেন্দ্রনগর রেল কলোনিতে দুই বোনকে বেঁহুশ করে লুটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শনিবার সকালে স্থানীয়রা ঘর থেকে অচৈতন্য অবস্থায় দুই বোনকে উদ্ধার করে কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। ভগবানগোলা থানার এক পুলিশ আধিকারিক বলেন, এখনও পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। তবে ওই মহিলার খোঁজ চলছে।  

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরেন্দ্রনগর রেল কলোনিতে একাই থাকতেন উজুফা বেওয়া। তিনি ট্রেনে ফেরি করেন। কিছুদিন আগে এক মহিলার সঙ্গে উজুফা বেওয়ার পরিচয় হয়। ধীরে ধীরে দু’জনের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। শুক্রবার বিকেলে কাজ থেকে ফেরার সময় উজুফা বেওয়া ওই মহিলাকে বাড়িতে নিয়ে আসেন। সন্ধ্যার দিকে বোন রোহমা বিবিকেও বাড়িতে ডেকে নেন। এদিন সকালে প্রতিবেশীরা দুই বোনকে ঘরের মধ্যে বেঁহুশ অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় ভগবানগোলা থানায়। খবর পেয়ে চলে আসেন উজুফা বেওয়ার ভাই মোর্তাজা শেখ। তিনি বলেন, মাঠে কাজ করছিলাম। খবর পেয়ে চলে আসি। আমার দুই দিদির হাতের ও কানের সোনার গহনা নেই। ঘরে বাক্সের মধ্যেও অল্প সোনার গহনা ও টাকা ছিল তাও নেই। মনে হচ্ছে, ওই মহিলা কৌশলে দুই দিদিকে খাবারের সঙ্গে মাদক জাতীয় কিছু মিশিয়ে বেঁহুশ করে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে।
প্রতিবেশী রোজিনা বিবি বলেন, বিকেলে ওই মহিলাকে বাড়িতে নিয়ে এসেছিল। কে জিজ্ঞাসা করতেই উজুফা বেওয়া বলেন বোন পাতিয়েছি। আজ রাতটা আমার বাড়িতে থাকবে। সকালে ৮টার পরও ওরা ঘুম থেকে উঠছে না  দেখে সন্দেহ হয়। তখন এসে দেখি, ওই মহিলা নেই। দুই বোন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ