নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা মামলায় বড়োসড়ো সাফল্য পেল বারাবনি থানার পুলিশ। ওই মামলায় বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংহ ও তার ভাই তথা পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বিশ্বজিৎ সিংকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি প্রভাবশালী তৃণমূল নেতা অসিত সিংহের ডান হাত আকবর আলমকেও গ্রেপ্তার করা হয়।
সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে কুলটি থানার ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে অসিত সিংহ ও বিশ্বজিৎ সিংহকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, আকবর আলমকে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে আটক করে পুলিশ। দীর্ঘদিন ধরেই এলাকায় তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছিল।
পুলিশ সূত্রে জানা .গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভোট-পরবর্তী হিংসার ঘটনায় নাম জড়িয়ে যাওয়ার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছিল। অবশেষে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছে তদন্তকারী আধিকারিকরা।
সূত্রে মারফত জানা গিয়েছে, শুক্রবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাঁদের পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে বলেও মনে করা হচ্ছে। সেই সঙ্গে একই মামলায় আরও কয়েকজন অভিযুক্ত এখনও পলাতক। তাঁদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে বারাবনি তথা আসানসোলের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয় এবং পলাতক অভিযুক্তদের গ্রেপ্তার করা যায় কি না, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।