বিশেষ সংবাদদাতা, জম্মু: ভূস্বর্গে জঙ্গি দমন অভিযানে ফের বড়োসড়ো সাফল্য। জম্মু-কাশ্মীরের উধমপুরের ব্রাত্তালে যৌথ বাহিনীর গুলিতে নিকেশ দুই জঙ্গি। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তারা জয়েশ-ই-মহম্মদের ছায়া সংগঠন কাশ্মীর টাইগার্সের সদস্য। সেনা জানিয়েছে, গোটা এলাকাজুড়ে চিরুনি তল্লাশি চলছে। গোয়েন্দা সূত্রে উধমপুরের জঙ্গলে জঙ্গিদের উপস্থিতির খবর পায় যৌথ বাহিনী। তার ভিত্তিতেই বুধবার গভীর রাতে শুরু হয় ‘অপারেশন সোহন’। বাহিনীকে দেখামাত্র গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ। তাতেই দুই জঙ্গির মৃত্যু হয়। ভোরের দিকে জঙ্গলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দু’জনের দেহ। একইসঙ্গে প্রচুর অস্ত্র বাজেয়াপ্ত করা হয়। গত কয়েকদিন ধরে জম্মু-কাশ্মীরে লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। উধমপুর, রিয়াসি, কাঠুয়া, পুঞ্চ, রাজৌরির জঙ্গল ঘেরা অঞ্চলে তল্লাশি চলছে। সম্প্রতি রাজৌরিতে লস্কর-ই-তোইবার এক স্থানীয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার পীর পঞ্জলের একটি জঙ্গি মডিউলের তিন সদস্য গ্রেপ্তার করে রাজৌরি পুলিশ। এরপরেই উধমপুরের মাজালটায় জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়া যায়।



