Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চাল নেই, দুর্গাপুরে বন্ধ দু’টি মা আহার ক্যান্টিন

চালের চরম সংকট! আর তার জেরেই বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গেল দুর্গাপুরের জনপ্রিয় ‘মা আহার ক্যান্টিন’

চাল নেই, দুর্গাপুরে বন্ধ দু’টি মা আহার ক্যান্টিন
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: চালের চরম সংকট! আর তার জেরেই বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গেল দুর্গাপুরের জনপ্রিয় ‘মা আহার ক্যান্টিন’। বুধবার পর্যন্ত পরিষেবা চালু থাকলেও, পর্যাপ্ত চাল না থাকায় বৃহস্পতিবার থেকে দুর্গাপুর বাসস্ট্যান্ড ও ভিড়িঙ্গি মোড়ের মা আহার ক্যান্টিন বন্ধ করে দিতে বাধ্য হন পরিচালনাকারী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। ফলে মাত্র পাঁচ টাকায় দুপুরের খাবারের উপর নির্ভরশীল মানুষগুলি দুর্ভোগে পড়েছেন। 

Advertisement

ক্যান্টিন পরিচালনাকারী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা জানান, গত ১৫ দিন ধরে দুর্গাপুর পুরনিগমকে বারবার চালের ঘাটতির কথা জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর মেলেনি। ফলে চালের অভাবে শেষ পর্যন্ত ক্যান্টিন বন্ধ করে দিতে হয়েছে।
ভিড়িঙ্গি মোড়ের ক্যান্টিন পরিচালিকা মিতালি বাদ্যকর বলেন, আমরা আগেই আধিকারিকদের বিষয়টি জানিয়েছিলাম। বলেছিলাম চাল না এলে বৃহস্পতিবার থেকে ক্যান্টিন চালানো সম্ভব হবে না। কিন্তু, আধিকারিকদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে চাল না আসা পর্যন্ত ক্যান্টিন বন্ধ রাখতে হবে।
যদিও ক্যান্টিনে চাল সংকটের সমস্যা নতুন নয়। এর আগেও ক্যান্টিন পরিচালনার খরচ, কর্মীদের পারিশ্রমিক বকেয়া ও চালের অভাবে ক্যান্টিন সাময়িকভাবে বন্ধ হয়েছিল। পরে পুরনিগমের হস্তক্ষেপে ফের ক্যান্টিন চালু হয়।
ভিড়িঙ্গি মোড় ও বাসস্ট্যান্ড এলাকার এই ক্যান্টিনের উপর প্রতিদিন নির্ভর করে থাকেন বহু দিনমজুর, রিকশচালক, সাফাইকর্মী ও নিম্নআয়ের মানুষ। এখানে মাত্র পাঁচ টাকায় ভরপেট খাবার পাওয়া যায়। হঠাৎ এই ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন।
নিয়মিত ক্যান্টিনে খেতে আসা দিনমজুর দীনেশ কুমার বলেন, ক্যান্টিন বন্ধ হলে খুবই সমস্যা হয়। কারণ হোটেলের খাবার কেনার সামর্থ্য নেই। ফেরিওয়ালা রবি হাজরা বলেন, দুপুরে এখানেই খাই। ক্যান্টিন বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়ব। এই অচলাবস্থা প্রসঙ্গে দুর্গাপুর পুরনিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম জানান, দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ