Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অল্প বৃষ্টিতে স্তব্ধ হয় দুই লেন, জমা জলে নিত্য হয়রানি সেক্টর ফাইভে

বৃষ্টিতে সেক্টর ফাইভে জমা জল ও যানজটের কারণে নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়ছে। অবিলম্বে নিকাশি ব্যবস্থার উন্নতি দাবি। বিস্তারিত পড়ুন।

অল্প বৃষ্টিতে স্তব্ধ হয় দুই লেন, জমা জলে নিত্য হয়রানি সেক্টর ফাইভে
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দেখে মনে হবে যেন আস্ত সমুদ্র। গাড়ি গেলে ঢেউ আছড়ে পড়ে ফুটপাতে। আইটি পাড়ার এরকমই নরক দশা। কারণ অল্প বৃষ্টি হলেই সেক্টর ফাইভের টেকনোপলিস থেকে নবদিগন্ত ফ্লাইওভারের মুখ পর্যন্ত জমা জলে স্তব্ধ হয়ে যাচ্ছে দুই লেন। জমা জল ঠেলে এগনো রোজকার দুর্ভোগ। মানুষের বক্তব্য, মরশুমের শুরুতেই যদি এই অবস্থা হয় তাহলে ভরা বর্ষায় কী হবে? তাই অবিলম্বে নিকাশি ব্যবস্থার উন্নতি হোক। যাতে ‘সমুদ্র যন্ত্রণা’ থেকে মুক্তি মেলে।

Advertisement

সল্টলেক সেক্টর ফাইভ আইটি হাব নামে পরিচত। আইটি, সরকারি, বেসরকারি সংস্থা সহ কয়েকশো অফিস রয়েছে এখানে। কয়েক হাজার মানুষ রোজ যাতায়াত করেন। গাড়ি-বাইকের সংখ্যা গোনা যায় না। সেই সঙ্গে চিংড়িঘাটা থেকে নবদিগন্ত ফ্লাইওভার, টেকনোপলিস হয়ে সল্টলেক বাইপাস হয়ে কয়েক হাজার মানুষ নিউটাউনে যাতায়াত করেন। শুধু নিত্যযাত্রী, অফিসযাত্রী নয়, এলাকার বাসিন্দাদেরও যাতায়াতের অন্যতম রাস্তা এই সল্টলেক বাইপাস। ফলে সারাবছরই এই রাস্তার উপর চাপ থাকে। অতিরিক্ত যানবাহনের জন্য অফিস টাইমে যানজট হয়।  
এখন অল্প বৃষ্টি হলেই টেকনোপলিস থেকে নবদিগন্ত ফ্লাইওভার পর্যন্ত রাস্তার দু’দিকে জল জমে যায়। সেক্টর ফাইভ মেট্রোর নীচেও একই দশা। জমা জলের জেরে গাড়ির গতি ধীর হয়ে যায়। ফলে বৃষ্টির পরই যানজট দেখা দেয়। জমা জলে দাঁড়িয়ে বহু গাড়ির ভিতরে জল ঢুকে যায়। অনেক গাড়ি রাস্তার মধ্যে খারাপ হয়ে পড়ে। তখন আরও বিপত্তি বাড়ে। সূত্রের খবর, মেট্রোর কাজের জন্য নিকাশির বেশ কয়েকটি জায়গায় সমস্যা হয়েছে। স্থানীয়দের দাবি, নিকাশি ব্যবস্থার পরিকাঠামো বদল করতে হবে। নিকাশি নালার পর্যাপ্ত জলধারণ ক্ষমতা নেই। ফলে জল জমে যাচ্ছে। তাই পরিকাঠামোর বদল করতে হবে। শুধু এই রাস্তার অংশই নয়। বৃষ্টিতে এখন সেক্টর ফাইভের বিস্তীর্ণ এলাকায় জমা জলের দুর্ভোগ। ফলে গাড়ি হোক বা হেঁটে চলাচল জলযন্ত্রণা সহ্য করতে হয় সকলকেই। বৃষ্টি হলে এখন আস্ত সমুদ্র হয়ে উঠছে। বৃহস্পতিবারের বৃষ্টিতে টেকনোপলিস থেকে নবদিগন্ত ফ্লাইওভারের মতো জমা জলের দুর্ভোগ থেকে পিছিয়ে ছিল না সল্টলেকের করুণাময়ীও। বইমেলা প্রাঙ্গণ পর্যন্ত গোটা রাস্তা যেন জল থইথই নদী।

Advertisement
সম্পর্কিত সংবাদ