নিজস্ব প্রতিনিধি, বরানগর: বুধবার গভীর রাতে সোদপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় যুবক ও যুবতির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সাহ্নিক চক্রবর্তী (২৯) ও উপাসনা সান্যাল (২৬)। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সোদপুরের রাসমণি মোড় লাগোয়া রামনগরে এলাকায় তাঁরা দুর্ঘটনার শিকার হয়। সাহ্নিক বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁদের সাগর দত্ত মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহ্নিকের বাড়ি বারাকপুরের মণিরামপুর ও উপাসনার বাড়ি সোদপুরের ঘোলা এলাকায়। সাহ্নিক মার্চেন্ট নেভিতে কাজ করতেন। ছুটিতে বাড়িতে এসেছিলেন। বুধবার রাতে তিনি প্রেমিকাকে বাড়িতে পৌঁছতে যাচ্ছিলেন। রাত ২টা নাগাদ আরএন অ্যাভিনিউ রোডে তাঁরা দুর্ঘটনার শিকার হন। আচমকা বিকট শব্দ শুনে স্থানীয়রা রাস্তায় বেরিয়ে এসে দু’জনকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় খড়দহ থানায়।



