নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাড়ি হোক কিংবা ফ্ল্যাট। সেখানে ভাড়াটিয়া হিসাবে বসবাসের জন্য নিতেই হবে পুলিশের ছাড়পত্র। প্রত্যেক ভাড়াটিয়া যাতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেন, সেই ব্যাপারে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে লাগাতার প্রচার করা হচ্ছে। শুরু হয়েছে বাড়ি বাড়ি ভেরিফিকেশনও। সেই অভিযানে দুই নাইজেরিয়ান যুবককে আগেই গ্রেপ্তার করা হয়। এবার নিউটাউন থেকে গ্রেপ্তার করা হল আইভরি কোস্টের দুই নাগরিককে। তাঁদের ধরা হয়েছে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে। বৃহস্পতিবার ইকোপার্ক থানার পুলিশ তাঁদের ধরেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম এ কে ই কৌটোন এইচ জুনিয়র এবং কোয়াসাই অটোংব্রে জোসেফ মার্কিজো। দুজনেরই বয়স ৩৪ বছর। তবে, তাঁরা কী কারণে এখানে আশ্রয় নিয়েছেন, তাঁদের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছেন কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ব্যাপারে বিধাননগর পুলিশের পক্ষ থেকে একবছর আগেই এক নির্দেশিকা জারি করা হয়। এই ছাড়পত্রের ব্যাপারে ফের সচেতনতামূলক প্রচার শুরু করেছে পুলিশ। পাড়া মিটিং করেও সকলকে অবগত করা হচ্ছে। মঙ্গলবার রাতে বাগুইআটি থানার পুলিশ অফিসাররা দশদ্রোণ ঘোষপাড়ায় বাড়ি বাড়ি টেনেন্ট ভেরিফিকেশনে গিয়েছিলেন। সেখানে গিয়েই তাঁরা জানতে পারেন, একটি বাড়িতে দুই নাইজেরিয়ান যুবক ভাড়া রয়েছেন। ভিসা ছাড়াই ভারতে থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়। ফের গ্রেপ্তার হলেন আরও দুই বিদেশি নাগরিক।
পুলিশ সূত্রের খবর, একইভাবে নিউটাউনেও বাড়ি বাড়ি টেনেন্ট ভেরিফেকেশনের কর্মসূচি চলছে। বৃহস্পতিবার ভাড়াটিয়া যাচাই করতে গিয়েই পুলিশ খবর পায় যে, ওই এলাকায় কয়েকজন বিদেশি নাগরিক বসবাস করছেন বৈধ নথি ছাড়াই। তারপরই একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আইভরি কোস্টের ওই দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে ভিসা ছিল না। প্রাথমিক তদন্তে ধৃতরা পুলিশের কাছে দাবি করেন, কাজের খোঁজে এবছরের গোড়ার দিকে তাঁরা কলকাতায় আসেন। স্থানীয় ফুটবল লিগে ভাড়াটে ফুটবলার হিসাবেও তাঁরা মাঝেমধ্যে খেলতেন। ধৃতদের বিরুদ্ধে অভিবাসন ও বিদেশি আইনে মামলা রুজু করা হয়েছে।