Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপে জোড়া ‘ইন্দ্রপতন’, বিদায় জার্মানি-নেদারল্যান্ডসের

২০২৬ বিশ্বকাপে জার্মানি ও নেদারল্যান্ডস বিদায় নিল টাই-ব্রেকারে। মরক্কোর উত্থান ও ফুটবলের নতুন অধ্যায় নিয়ে বিস্তারিত পড়ুন।

বিশ্বকাপে জোড়া ‘ইন্দ্রপতন’,  বিদায় জার্মানি-নেদারল্যান্ডসের
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সঞ্জয় সরকার: মঙ্গলবার তখনও ঘুম ভাঙেনি কলকাতার। তারই মধ্যে ঘটে গেল ২০২৬ বিশ্বকাপের জোড়া অঘটন। ইন্দ্রপতন বললেও অত্যুক্তি হয় না। মার্কিন মুলুকে কয়েক ঘণ্টার ব্যবধানে কাপযুদ্ধ থেকে বিদায় নিল টুর্নামেন্টের দুই হেভিওয়েট জার্মানি ও নেদারল্যান্ডস। কাকতালীয়ভাবে দু’দলই হারল টাই-ব্রেকারে। বস্টনে রাউন্ড অব ৩২’র ম্যাচে প্যারাগুয়ের কাছে বশ মানল হিটলারের দেশ। আর মেক্সিকোর মন্তেরি স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে হারাল মরক্কো। মধ্যরাতে ব্রাজিলের দুরন্ত জয় বাড়িয়েছিল খেলা দেখার নেশা। তবে শেষটা এমন হবে, তা কল্পনা করেননি কেউই। ইউরোপিয়ান ফুটবলের এই দুই হেভিওয়েট বিদায়ে কিছুটা হলেও ফিকে হল বিশ্বকাপের মঞ্চ। তবে একইসঙ্গে বলতে হবে মরক্কোর উত্থানের কথা। সাড়ে তিন বছর আগে কাতারের মাটিতে সেমি-ফাইনালে পৌঁছেছিলেন আচরাফ হাকিমিরা। সেই পারফরম্যান্স যে ফ্লুক নয়, তা এই বিশ্বকাপেও প্রমাণিত। 

Advertisement

বিশ্ব ফুটবলের অন্যতম হেভিওয়েট দল জার্মানি। জার্সিতে ‘ফোর স্টার’। তবে এই দল স্রেফ অতীতের ছায়া। একের পর এক বিশ্বকাপে ব্যর্থতার আড়ালে ঢাকা পড়েছে তাদের যাবতীয় গৌরব, দীর্ঘায়িত হচ্ছে দুঃসময়। ২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন। তারপর থেকে ক্রমশ পিছিয়েছে জার্মানি। ২০১৮ ও ২০২২ সালে গ্রুপ পর্বের গণ্ডি টপকাতে পারেননি ম্যানুয়েল ন্যুয়েররা। এবার সেই হতাশা কাটিয়ে শুরুটা ভালোই করেছিল জুলিয়ান নাগেলসম্যানের ছেলেরা। তবে নক-আউটের শুরুতেই তা ভেঙে চুরমার। সোমবার প্যারাগুয়ের বিরুদ্ধে হার যেন আরও একবার জার্মান ফুটবলের ভঙ্গুর চেহারা সামনে নিয়ে এল। ম্যাচের প্রথমার্ধের শেষলগ্নে পিছিয়ে পড়েও বিরতির পর কাই হাভার্টের গোলে সমতায় ফেরে নাগেলসম্যান-ব্রিগেড। এই পর্বে মনে হয়েছিল, প্যারাগুয়েকে সহজেই বশ মানাবে তারা। তবে তা সম্ভব হয়নি। নির্ধারিত ৯০ মিনিট তো বটেই, অতিরিক্ত সময়েও স্কোরলাইনে কোনো পরিবর্তন ঘটেনি। যদিও এই পর্বে জার্মানির একটি গোল বাতিল নিয়ে চর্চা চলছেই। তবে টাই-ব্রেকারে কাই হাভার্ট, নিক ওয়াল্টমেডদের মিস তা ধামাচাপা দেওয়ার জন্য যথেষ্ট নয়। বিপক্ষের দু’টি শট রুখে ন্যুয়ের চেষ্টা চালিয়েছিলেন। তবে সাডেন ডেথের শুরুতেই জোনাথন লক্ষ্যভেদে ব্যর্থ হতেই আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিকে, বিশ্বকাপের আসরে টাই-ব্রেকারে ডাচদের দুঃস্বপ্ন অব্যাহত। ১৯৯৮ ও ২০১৪’তে সেমি-ফাইনাল। ২০২২ সালে কোয়ার্টার-ফাইনাল। আর এবার রাউন্ড অব ৩২’এ পেনাল্টি শ্যুট-আউটে হেরে বিদায় নিল কমলা ব্রিগেড। অথচ বিশ্বকাপের শুরুতে অন্যতম ফেভারিটের তকমা গায়েই আমেরিকায় পা রেখেছিলেন ডে জং-ডিপেরা। কিন্তু রিনাশ মিশেলের টোটাল ফুটবলের ধারকাছে পৌঁছাতে ব্যর্থ তারা। মরক্কোর বিরুদ্ধে এমন পারফরম্যান্স নেদারল্যান্ডস কোচ কোম্যানের চাকরি যাওয়ার জন্য যথেষ্ট। ম্যাচের ৭২ মিনিটে দলকে কাঙ্ক্ষিত লিড এনে দিয়েছিলেন কডি গাকপো। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত সেই ব্যবধান ধরে রাখলেও সংযোজিত সময়ে গোল হজমে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এই পর্বেও কোনো পরিবর্তন ঘটেনি। আর টাই-ব্রেকারে ক্লুইভার্ট, টিম্বার আর সামারভিলের মিস যবনিকা টেনে দেয় তাদের বিশ্বকাপ অভিযানে।

Advertisement
সম্পর্কিত সংবাদ